দরজায় কড়া নাড়ছে নতুন বছর ২০২৩ । আজ শনিবার মধ্যরাতেই নতুন বছরে পা দিচ্ছে বিশ্ব। ঢালিউডে শেষ হতে যাওয়া ২০২২ সালের সবচেয়ে চাঞ্চল্যকর তারকা দম্পতি বলা হয় শরিফুল রাজ ও পরীমনিকে। বছরজুড়ে তারা ছিলেন নানা আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে। 

বিয়ে ও সন্তান জন্মের পাশাপাশি রাজ-পরীর দুষ্টু, মিষ্টি কিংবা আবেগমাখা কর্মকাণ্ড বরাবরই ভক্তদের নজর কেড়েছে। অন্তর্জালে তাদের নানান মুহূর্তের ছবি বেশ প্রশংসা কুড়ায়। তবে বছর না ঘুরতেই বছরের শেষ দিন সম্পর্ক ছিন্নের ইঙ্গিত দিলেন পরীমনি। সাফ সাফ বলে দিলেন, ‘আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে।’

মুহূর্তেই খবরটি দাবানল হয়ে ছড়িয়ে পড়লো সোশ্যাল হ্যান্ডেল হয়ে ঢালিউডের ঘরে ঘরে। পরীমনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লেখেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’ এ বিষয়ে বিস্তারিত জানতে পরীমনিকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। ক্ষুদেবার্তা পাঠালেও তার জবাব দেননি।

প্রসঙ্গত, ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এই নায়িকা ২০২১ সালের ১৭ অক্টোবর চুপিসারে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন। চলতি বছরের ১০ জানুয়ারি এ খবর প্রকাশ্যে আনেন তারা৷ সেসময় পরী জানান, তাদের ঘরে সন্তান আসছে। গত ১০ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন পরী। রাজ-পরীর সন্তানের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।