দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মানদানা। পুষ্পা: দ্য রাইজ সিনেমায় শ্রীবল্লী চরিত্রে অভিনয় করে বৃহস্পতি তার তুঙ্গে। পরিণত হয়েছেন ভারতের জাতীয় ক্রাশে। সীতা রামাম সিনেমায় ক্যামিও হিসেবে উপস্থিত হয়েছিলেন। বলিউডেও বেশ ভালোভাবে নিজেকে পরিচিত করেছেন তিনি। বলিউডি সিনেমার গান নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন তিনি। বহু বছর ধরেই তার ওপর বলিউডের গানের প্রভাব রয়েছে বলে জানিয়েছেন এ অভিনেত্রী। ২৫ ডিসেম্বর তার আগামী সিনেমা মিশন মজনুর প্রথম গান মুক্তির অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ কারণে বিদ্রূপেরও শিকার হয়েছেন।

রাশমিকা বলেন, তার কাছে বলিউডের গানকে বেশি রোমান্টিক মনে হয়। তার মতে, দক্ষিণের গানগুলো অধিকাংশই আবেদনহীন এবং মসলাদার উপাদানে ভরপুর। রোমান্টিক গানের উৎকর্ষ বিবেচনায় তিনি বলিউডকে সেরার তকমাটা দিতে চান। 

রাশমিকার এ মন্তব্য সবাই ভালোভাবে গ্রহণ করেননি। তাদের বক্তব্য দক্ষিণেও দারুণ সব রোমান্টিক গান রয়েছে। রাশমিকা বলিউডে অভিনয় করছেন বলে একতরফা মন্তব্য করেছেন।

পরিচালক বিকাশ বেহেলের গুডবাই সিনেমার মাধ্যমে বলিউডে রাশমিকার অভিষেক হয়। শুরুতেই বাজিমাত করেন তিনি। বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন ও নীনা গুপ্তের একমাত্র কন্যা হিসেবে সিনেমাটিতে উল্লেখযোগ্য চরিত্রে তাকে দেখা গেছে। বলিউডে তার পরবর্তী সিনেমা হতে যাচ্ছে মিশন মজনু। সিনেমাটিতে তার বিপরীতে দেখা যাবে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে। এটি হবে তার প্রথম রোমান্টিক বলিউড সিনেমা। সিদ্ধার্থ একজন র এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন। অন্যদিকে রাশমিকা পাকিস্তানি এক মুসলিম তরুণী হিসেবে পর্দায় উপস্থিত হবেন। স্পাই থ্রিলার ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন শান্তনু বাগচি। প্রযোজক রনি স্ক্রুওয়ালা। আগামী ২০ জানুয়ারি জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম নেটফ্লিক্সে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। 

কন্নড় অভিনেত্রীর ঝুলিতে আরো আছে অ্যানিমেল। সন্দীপ রেড্ডি পরিচালিত সিনেমাটি আগামী বছর মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। ২০১৭ সালে তেলেগু সিনেমা অর্জুন রেড্ডির মাধ্যমে পরিচালনায় অভিষেক ঘটে সন্দীপ রেড্ডির। 


সূত্র: টাইমস অব ইন্ডিয়া