ব্রডওয়ে তাদের আরেকটি নাটকের মঞ্চায়নের সমাপ্তি ঘোষণা করছে। মিউজিক্যালটির নাম ‘ওয়ানস আপন আ ওয়ান মোর টাইম’। মিউজিক্যালটি ব্রিটনি স্পিয়ার্সের ডিসকোগ্রাফি থেকে অনুপ্রেরণা নিয়ে নির্মিত। শোটি শুরু হয়েছিল জুনে। এরপর চলেছে ১২৩টি পারফরম্যান্স। এবার মিউজিক্যালটির সমাপ্তি টানতে চাইছে ব্রডওয়ে। তারা ঘোষণা দিয়েছে, আগামী ৩ সেপ্টেম্বর শেষ প্রদর্শনী হবে ওয়ানস আপন আ ওয়ান মোর টাইমের। নাটকের শেষ পারফরম্যান্সটি মঞ্চস্থ হবে মার্কুইস থিয়েটারে।
বছরজুড়ে নানা ধরনের নাটক মঞ্চস্থ করে ব্রডওয়ে। এর মধ্যে একটি বড় অংশজুড়ে থাকে মিউজিক্যাল। সে ধারাবাহিকতায় নির্মিত হয়েছিল ওয়ানস আপন আ ওয়ান মোর টাইম। ব্রিটনি স্পিয়ার্সের জনপ্রিয় কয়েকটি গান অবলম্বনে তৈরি হয়েছিল আ মিউজিক্যাল। নাটকটি অনেকটাই রূপকথার গল্পের মতো। হিপহপ কোরিওগ্রাফার কিওন ও মেরি এ নাটকের নির্দেশনা দিয়েছেন।
নাটকটি তৈরি হয়েছে ব্রিটনি স্পিয়ার্সের চারটি গানের ওপর ভিত্তি করে। এগুলো হলো উপস আই ডিড ইট অ্যাগেইন, লাকি, সার্কাস ও টক্সিক। গল্পটি সিনড্রেলার মতো একটি চরিত্রকে নিয়ে। খেয়াল করে দেখলে বোঝা যাবে, এখানে প্রভাব আছে স্নো হোয়াইট ও লিটল মারমেইডেরও। যুক্ত হয়েছে আরো কিছু বিষয়। এর মধ্যে আরো যুক্ত করা হয়েছে বেটি ফ্রিদানের ‘দ্য ফেমিনিন মিস্টিক’ ম্যানিফেস্টো। কিন্তু সবকিছুর ওপর যুক্ত হয়েছে পুরনো ধারার গল্পের চেনা বিষয়—অতঃপর সবাই সুখে-শান্তিতে বসবাস করতে লাগল। এ বিষয়টির মাধ্যমে অবশ্য ফেয়ারি টেলের বিষয়টি আরো পোক্ত হয়েছে মিউজিক্যালে।
মিউজিক্যালে অভিনয় করেছেন ‘গ্রেট নিউজ’-এর স্টার ব্রিগা হিলান, আমেরিকান আইডলের জাস্টিন গুরিনি, দ্য লেম্যান ট্রিলজির অ্যাডাম গোডলি। প্রধান তিনটি চরিত্রে ছিলেন এরা। এছাড়া ছিলেন জেনিফার সিমার্ড, ব্রুক ডিলম্যান, আইশা জ্যাকসন, রায়ান রেডমন্ড ও টেস সেলটাউ।
মিউজিক্যালটি মূলত শেকসপিয়ার থিয়েটারের হাতে তৈরি। এরাই প্রযোজনা করেছিল। শোটি সেখানে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল। ব্রিগা হিলানের প্রশংসা করলেও ওয়াশিংটন পোস্টের পিটার মার্কস জানান মিউজিক্যালটি সূক্ষ্ম হয়ে উঠতে পারেনি। সে কারণেই শোয়ে দর্শকের উপস্থিতি খুব একটা ছিল না। শো শুরুর সময় মোটামুটি মানের আয় করলেও পরে আয় কমতে থাকে। এর মধ্যে এ মাসে ৪৭ শতাংশের বেশি দর্শক টানতে পারছিল না। ফলে ব্রডওয়ে সিদ্ধান্ত নিয়েছে শো বন্ধ করে দেয়ার।
মিউজিক্যালটির প্রযোজক জেমস এল নেদারল্যান্ডার ও হান্টার আর্নল্ড বলেন, ‘আমরা সুন্দর মিউজিক্যালটি এ মুহূর্তে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু ইচ্ছা আছে এটিকে বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার।’ অর্থাৎ মিউজিক্যালটি নিয়ে ওয়ার্ল্ড ট্যুরের পরিকল্পনা করছেন তারা।
সূত্র: নিউইয়র্ক টাইমস










