ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে এম রাহিম পরিচালিত সিনেমা ‘জংলি’। এতে অভিনয় করেছেন শবনম বুবলী। সিনেমাটিতে অভিনয়ের জন্য প্রশংসায় ভাসছেন তিনি। জংলি নিয়ে দর্শকের মধ্যে ইতিবাচক মনোভাব দেখা যাচ্ছে। তারা সিনেমার প্রশংসা করছেন। শোও বাড়ানো হয়েছে। সব মিলিয়ে বলা যায়, বুবলীর সময়টা ভালো যাচ্ছে। জংলির সঙ্গে নিজেকে জুড়ে রেখেছেন তিনি। সিনেমার সব রকমের প্রচারণায়ও থাকছেন। এরই মধ্যে পেলেন একটি বিশেষ সম্মাননা। গত শনিবার ‘আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন’ আয়োজিত এক অনুষ্ঠানে চলচ্চিত্র অভিনেত্রী ও মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে বুবলীকে ‘আলোকিত নারী সম্মাননা স্মারক ২০২৫’ প্রদান করা হয়।

47

বুবলীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন বরেণ্য অভিনেত্রী দিলারা জামান। এ নিয়ে বুবলী বলেন, ‘কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেতে সবসময়ই অনেক ভালো লাগে। সামনে আরো ভালো ভালো কাজের জন্য উৎসাহ জোগায়। তবে সফল সব নারীদের নিয়ে কোনো আয়োজনে যখন আলাদা করে সম্মাননা জানানো হয়, তখন একটু বেশিই আনন্দ হয়। কারণ একজন নারী হিসেবে এটি ভীষণ গর্বের ও সম্মানের।’

পাশাপাশি সম্মাননা তিনি পেলেন একজন কিংবদন্তির হাত থেকে। বুবলী বলেন, ‘সম্মাননাটি গ্রহণ করলাম আমাদের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী শ্রদ্ধেয় দিলারা জামান ম্যামের হাত থেকে। এটাও অনেক ভালো লাগার বিষয় বটে।’

নারীদের এগিয়ে যাওয়া নিয়ে তিনি বলেন, ‘নারীরা সমাজে কাজের সব অঙ্গনেই সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে। নারীদের যাত্রা আলোকিত হোক।’

পাশাপাশি স্বাভাবিকভাবেই উঠে আসে জংলির প্রসঙ্গ। এ নিয়ে বুবলী বলেন, ‘প্রথম দিন থেকে এখন পর্যন্ত ভালোবাসা পাচ্ছে জংলি। পরিবারসহ সবাই দেখছেন, সব শো হাউজফুল যাচ্ছে। একজন শিল্পী হিসেবে সত্যিই ভীষণ ভালো লাগে, যখন প্রিয় দর্শক হলে গিয়ে এভাবে সিনেমা উপভোগ করেন।’

তিনি সিনেমাটি দেখার জন্য দর্শককে আমন্ত্রণ জানিয়ে বলেন, ‘এখনো যারা জংলি দেখার সময় সুযোগ করে উঠতে পারেননি, সিনেমাটি সপরিবারে উপভোগ করার বিনীত আহ্বান রইল। আশা করি ভালো লাগবে আপনাদের। কারণ যারা এরই মধ্যে সিনেমাটি দেখেছেন, তারা তাদের ভালো লাগারই কথা বলছেন বারবার।’

জংলির নির্মাতা ও দর্শকের কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন বুবলী। কেননা নির্মাতার যত্ন নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন। দর্শক তাদের ভালো লাগার কথা ছড়িয়ে দিয়েছেন সবার কাছে। বুবলী বিশ্বাস করেন, জংলি নিয়ে ভালো লাগার রেশ দর্শকের মধ্যে থেকে যাবে বহুদিন।