সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো রয়ে গেছে ঈদ আমেজ। এবারের ঈদ অভিনেত্রী জয়া আহসানের জন্য ছিল ভিন্ন আমেজের। এ ঈদে মুক্তি পাওয়া দুটি সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভনয় করেছেন তিনি। দীর্ঘ সময় পর ঈদ উৎসবে নতুন সিনেমা নিয়ে দর্শকের সামনে হাজির হয়েছেন জয়া। একটি রায়হান রাফীর ‘তাণ্ডব’, অন্যটি তানিম নূরের ‘উৎসব’। দর্শক তার অভিনয়ের প্রশংসা করছেন। সে আমেজ না কাটতেই টালিউডে নতুন সিনেমার শুটিং শুরু করলেন জয়া। শনিবার মহরতের মধ্য দিয়ে শুরু হয়েছে কৌশিক গাঙ্গুলীর আজও অর্ধাঙ্গিনী সিনেমার শুটিং।

এ সিনেমার প্রথম পর্ব ‘অর্ধাঙ্গিনী’র মতো এবারো জয়ার সঙ্গে থাকছেন কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলী। এ তিনজনের সঙ্গে নতুন পর্বে যুক্ত হচ্ছেন ইন্দ্রাশিস রায়। সুমনের (কৌশিক) অসুস্থতাকে কেন্দ্র করে তার সাবেক স্ত্রী শুভ্রা (চূর্ণী) ও বর্তমান স্ত্রী মেঘনার (জয়া) দেখা হওয়া এবং টানাপড়েনকে ঘিরে তৈরি হয়েছিল অর্ধাঙ্গিনীর প্রেক্ষাপট। আগের ঘটনার বছর দুয়েক পর একটা বিয়েকে কেন্দ্র করে আবার মুখোমুখি হয় সুমন, শুভ্রা ও মেঘনা।

অর্ধাঙ্গিনীর মতো আজও অর্ধাঙ্গিনী নিয়ে আশাবাদী জয়া আহসান। নতুন সিনেমা নিয়ে তিনি বলেন, ‘কৌশিকদার সঙ্গে আমরা খুব এনজয় করে কাজ করি। এবারো তেমনটিই হবে। কাজের ক্ষেত্রে প্রতিদিন আলাদা অভিজ্ঞতা হয়। নিজেকে আরো উন্নত করি অভিনেত্রী হিসেবে। এতে আবারো আমার সহশিল্পী হিসেবে চূর্ণী গাঙ্গুলীকে পাচ্ছি। তার মতো অভিনেত্রী পাওয়া মানে নিজের চরিত্রের আরো উত্তরণ ঘটানো।’

আজও অর্ধাঙ্গিনীর শুটিংয়ে যোগ দেয়ার আগের দিন পর্যন্ত জয়া ঢাকায় ব্যস্ত সময় পার করেছেন ঈদের দুই সিনেমার প্রচারে। তাণ্ডব ও উৎসব নিয়ে দর্শকের আগ্রহে দারুণ খুশি তিনি। জয়া বলেন, ‘সিনেপ্লেক্সের ভেতরেও তাণ্ডব দেখার সময় দর্শক যেভাবে শিস বাজাচ্ছে, হাততালি দিচ্ছে, সেটাই বলে দেয় সিনেমাটি মানুষের কতটা ভালোবাসা পাচ্ছে। উৎসব নিয়ে অনেক ফিডব্যাক পাচ্ছি। হল থেকে বেরিয়ে অনেক দর্শক বলছে, সিনেমাটি অনেক দিন থেকে যাবে মানুষের মনে।’