মূলত সিনেমা নিয়েই ব্যস্ততা থাকে বছরজুড়ে। বড় পর্দায় মুক্তি পাওয়াকে কেন্দ্র করে নির্মাতা ও ভক্তদের যে উচ্ছ্বাস, সেখানে প্রযোজকরাও বিনিয়োগ করেন দুহাত উজাড় করে। তুলনায় টিভি সিরিজের অবস্থা শোচনীয় বলা যায়। দীর্ঘ সময় ধরেই টিভি সিরিজ চলেছে প্রায় আমেজহীন। সেটা পশ্চিমা দুনিয়ায়ই হোক আর এশিয়ায়, টিভি শো যেন কেবল ঘরোয়া বিষয়। তবে সম্প্রতি স্ট্রিমিং প্লাটফর্মের উত্থানে ঘুরতে শুরু করেছে নিয়তির চাকা। ক্রমে প্রযোজকরা বাজেট বাড়াচ্ছেন টিভি শোর জন্য। সে ধারাবাহিকতার শীর্ষে দাঁড়াল ‘দ্য রিংস অব পাওয়ার’ টিভি সিরিজ। ১০০ কোটি ডলারের বাজেট নিয়ে টিভি সিরিজের ইতিহাসে কেবল না; চলচ্চিত্রের ইতিহাসেই অনন্য উদাহরণ স্থাপন করেছে রিংস অব পাওয়ার।

ইতিহাসের সবচেয়ে বেশি বাজেট নেয়া টিভি শো দ্য লর্ড অব দ্য রিংস: দ্য রিংস অব পাওয়ার। সিরিজের প্রথম সিজন অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পায় ২০২২ সালে। ডেডলাইনের প্রতিবেদন অনুসারে এর পেছনে অ্যামাজন স্টুডিওর বাজেট ছিল ১০০ কোটি ডলার। খরচের মধ্যে রয়েছে মালিকানা স্বত্ব ও প্রথম মৌসুমের প্রচারণাও। এদিকে কোলাইডারের প্রকাশিত প্রতিবেদন অনুসারে, কেবল নির্মাণ ব্যয়ই দাঁড়িয়েছে ৪৬ কোটি ডলার। প্রথম সিজনে এপিসোড ছিল আটটি। প্রতি এপিসোডে খরচ হয়েছে ৫ কোটি ৮০ লাখ ডলার।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি বাজেটের সিনেমা স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়াকেনস। সিনেমাটির জন্য নির্মাণ ব্যয় ছিল ৪৪ কোটি ৭০ লাখ ডলার। রিংস অব পাওয়ারের খরচ তার তুলনায় অনেক বেশি। এমনকি খোদ লর্ড অব দ্য রিংসের বাজেটের চেয়েও; ফিল্ম ট্রিলজির নির্মাণে খরচ ছিল ২৬ কোটি ডলার।

সিনেমার বাজেট বিশ্লেষণ করলে দেখা যায়, ভারতীয় সিনেমা যথেষ্ট পেছনে। সবচেয়ে বেশি বাজেটের ভারতীয় সিনেমা কল্কি ২৮৯৮ এডি, আরআরআর ও আদিপুরুষ। সিনেমাটি তিনটির বাজেট ছিল ঘুরেফিরে ৭-৮ কোটি ডলারের মধ্যে। অর্থাৎ রিংস অব পাওয়ারের প্রথম সিজনের যা বাজেট, তার ১৫ ভাগের এক ভাগ মাত্র। সিরিজের প্রতি এপিসোডে গড়ে খরচ পড়েছে ৪ কোটি ৮০ লাখ ডলার। ভারতীয় চলচ্চিত্র ব্রহ্মাস্ত্রের প্রথম কিস্তির বাজেট ছিল ৪ কোটি ৫০ লাখ ডলার, সিংহাম অ্যাগেইনের বাজেট ৪ কোটি ২০ লাখ ডলার ও জওয়ানের বাজেট ৩ কোটি ৬০ লাখ ডলার।

জেআরআর টোলকিনের লর্ড অব দ্য রিংস অবলম্বনে নির্মিত লর্ড অব দ্য রিংস: দ্য রিংস অব পাওয়ার। সিরিজের গল্প আবর্তিত হয়েছে সাওরনকে কেন্দ্র করে। টোলকিনের লর্ড অব রিংস দুনিয়ায় প্রধান খলনায়ক সাওরন।

সূত্র: হিন্দুস্তান টাইমস