শোষিত ও নিপীড়িত মানুষের কষ্ট, আশা আর সংগ্রামের অনুভূতি যেন সবসময় প্রতিধ্বনিত হয়েছে কাজী নজরুল ইসলামের কণ্ঠে। বিদ্রোহী কবি, মানবতার কণ্ঠস্বর ও গানের পাখি বুলবুল—এভাবেই তিনি স্মৃতির পাতায় চিরঞ্জীব হয়ে আছেন। আজ ১২ ভাদ্র, জাতীয় কবির ৪৯তম প্রয়াণ দিবস।
১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠে বর্ধমান জেলার চুরুলিয়ায় জন্মগ্রহণ করেছিলেন নজরুল। ‘জ্যৈষ্ঠের ঝড়’ নামে পরিচিত এ কবির ঝড় চিরতরে থেমে যায় ঢাকার পিজি হাসপাতালের কেবিনে ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্রে। ৭৭ বছরের জীবদ্দশায় তিনি সৃষ্টিশীল ছিলেন মাত্র ২৩ বছর। এ স্বল্প সময়ের মধ্যেই তার সাহিত্য ও সংগীতকর্ম বাংলা ভাষা ও সাহিত্যের অমূল্য সম্পদ হিসেবে আজও জীবন্ত।
জাতি আজ গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছে জাতীয় কবিকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে চিরনিদ্রায় শায়িত কবির সমাধি ফুলে ফুলে ও বিনম্র শ্রদ্ধার আবরণে ভরা থাকবে।
নজরুল কখনো মাথা নত করেননি লোভ–লালসা, খ্যাতি বা অর্থের কাছে। তিনি আজীবন সংগ্রাম করেছেন শোষিত ও বঞ্চিত মানুষের মুক্তির জন্য। মানবতার মুক্তির পাশাপাশি সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, কুসংস্কার ও অন্যায়ের বিরুদ্ধে নির্ভীকভাবে সোচ্চার ছিলেন। তার রচিত ‘চল্ চল্ চল্’ গান আজও আমাদের রণসংগীত।
রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যশিল্পের আলোয় ভাস্বর বাংলা সাহিত্যকে নজরুল এক নতুন ধারায় সমৃদ্ধ করেছেন। উত্তর ভারতীয় রাগসংগীতের ভিত্তিতে আধুনিক বাংলা গানের সৌধ সৃষ্টি ও বাংলা গজলের প্রবর্তন তার বিশেষ অবদান।
বিটিভিতে দিনব্যাপী স্মরণ অনুষ্ঠান
জাতীয় কবির প্রয়াণ দিবসে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আয়োজন করেছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। দর্শক উপভোগ করবেন কবির গান, কবিতা, নাটক ও নৃত্যের এক অনন্য মেলবন্ধন।
সকাল ৮টা: গোলাম মোর্শেদের প্রযোজনায় নজরুল সংগীতের অনুষ্ঠান। মৃত্যু ভাবনার আলোকে সাজানো এ অনুষ্ঠান আরো গভীর করে তুলবেন সুমন মজুমদার, শবনম প্রিয়াংকা, মিরাজুল জান্নাত সোনিয়া, স্বরলিপি, আফসানা রুনা ও পূজন কুমার দাস।
বেলা ১১টা: শিশুদের জন্য নাজমুল হকের প্রযোজনায় ‘আমাদের দুখুমিয়া’। একক ও দলীয় সংগীত, আবৃত্তি, নাটিকা ও নৃত্যসহ শিশুদের সৃজনশীলতা ও মনন বিকাশে ভূমিকা রাখবে।
বেলা ২টা: বাঁশরী শিল্পচর্চা কেন্দ্রের গীতিনৃত্যানুষ্ঠান ‘বনের বেদে’। এল রুমা আকতারের প্রযোজনায় বেদে সম্প্রদায়ের জীবন, সুখ-দুঃখ ও ভালোবাসার গল্প তুলে ধরা হবে।
বিকাল ৩টা ৩০ মিনিট: নৃত্যানুষ্ঠান ‘আমারে দেব না ভুলিতে’, আব্দুল্লাহ আল মামুনের প্রযোজনায় নাট্যনৃত্য মেলবন্ধনের মাধ্যমে গল্প বলার এক বিশেষ অভিজ্ঞতা।
বিকাল ৫টা ৩৫ মিনিট: মাহবুবা জেমিনের প্রযোজনায় নজরুলের কবিতা নিয়ে আবৃত্তি অনুষ্ঠান।
সন্ধ্যা ৭টা: আলেখ্যানুষ্ঠান, আফরোজা সুলতানার প্রযোজনায়। গান, কবিতা, নৃত্য ও আলোচনার মাধ্যমে দর্শকের সামনে হাজির হবে নজরুলের জীবন ও কর্মের বহুমাত্রিক চিত্র।
রাত ৯টা: নাটক ‘আলেয়া’, কাজী আসাদের নাট্যরূপ ও মামুন মাহমুদের প্রযোজনায়। নাটকে অভিনয় করেছেন খাইরুল আলম চৌধুরী টুটুল, নুসরাত জাহান রুহি, তানজিল হক মাইশা, কবির আহমেদ, এবিএম সোহেল, বিমল ব্যানার্জি, শিউলি, সোমা, মনোয়ারসহ অনেকে। নাটকটি রাজা মীনকেতু, রানী জয়ন্তী ও উগ্রাদিত্যের মধ্যে ত্রিভুজ প্রেমের জটিলতা ও আবেগের তীব্রতা নিয়ে গড়ে উঠেছে।
রাত ১০টা: নজরুলের গান নিয়ে দ্বৈত সংগীত অনুষ্ঠান। মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় ও ফেরদৌসী আহমেদ চৌধুরীর উপস্থাপনায় আয়োজনটি পরিচালনা করবেন তানভীর আলম সজীব। গান পরিবেশন করবেন ইয়াসমিন মুস্তারি, সালাউদ্দিন আহমেদ, প্রিয়াংকা গোপ, ফাতেমা তুজ জোহরা, মাহমুদুল হাসানসহ আরো বিশিষ্ট কণ্ঠশিল্পীরা।










