হলিউড সিনেমার রিমেক ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে ব্যর্থ
হওয়ায় লম্বা বিরতিতে আছেন আমির খান। এখন শোনা যাচ্ছে, তামিল সিনেমার রিমেকে কাজ করতে
যাচ্ছেন এই সুপারস্টারের ছেলে জুনায়েদ খান। খবর ইটাইমস।
এই স্টার কিডের প্রথম সিনেমা ‘মহারাজা’র শুটিং এরই মধ্যে
শেষ হয়েছে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিতব্য সিনেমাটির প্রযোজনায় আছে ইয়াশরাজ ফিল্মস।
অভিনয়ে আরো আছেন শর্বরী ওয়াঘ ও জয়দীপ আহলাওয়াত।
এক প্রতিবেদনে দাবি করা হচ্ছে, গত বছর
মুক্তিপ্রাপ্ত তামিল ‘লাভ টুডে’র হিন্দি রিমেক
হতে যাচ্ছে জুনায়েদের সিনেমা। মাত্র পাঁচ কোটি রুপি বাজেটে তৈরি দক্ষিণ ভারতীয় সিনেমাটির
আয় ছিল প্রায় দেড়শ কোটি রুপি।
তামিল ছবিটি পরিচালনা করেন প্রদীপ রঙ্গনাথন।
প্রদীপের বিপরীতে অভিনয়ে ছিলেন ইভানা।
শোনা যাচ্ছে, হিন্দি রিমেকে জুনায়েদের
বিপরীতে থাকছেন জাহ্নবী কাপুরের বোন খুশি কাপুর।
আমির খান প্রোডাকশন প্রযোজিত ‘প্রীতম পেয়ারে’ ওয়েব সিরিজেও
কাজ করেছেন জুনায়েদ। সঙ্গে ক্যামিও রোলে আছেন ‘থ্রি ইডিয়টস’ অভিনেতা।
২০১৮ সালের স্প্যানিশ ফিল্ম ‘চ্যাম্পিয়নস’-এর হিন্দি রিমেকে
অভিনয়ের কথা ছিল আমির খানের। কিন্তু সর্বশেষ ছবির ব্যর্থতা পর প্রযোজনার দায়িত্ব পালন
করবেন তিনি। আরএস প্রসন্ন পরিচালিত এই ছবিতে থাকতে পারেন সালমান খান।










