ব্রি টনি স্পিয়ার্স অনেক দিনই ইন্ডাস্ট্রিতে অনুপস্থিত। তার ওপর ছিল ১৩ বছরের একটি কনজারভেশনশিপ। নিজের কাজের ওপর তেমন কোনো অধিকার পাননি এ শিল্পী। সেই নীতি উঠে গেছে। ভক্তরা আশা করছিলেন ব্রিটনি আবার ফিরবেন তার সংগীত নিয়ে। কিন্তু সম্প্রতি এ শিল্পী জানালেন ইন্ডাস্ট্রিতে ফিরতে চান না তিনি।
ব্রিটনিকে নিয়ে তার ভক্তদের ধারণা ছিল, এ বছরই তিনি নতুন অ্যালবাম আনবেন। একটি গুঞ্জন উঠেছিল তিনি নতুন অ্যালবামের কাজ করছেন। কথা উঠেছিল তার ১০ম অ্যালবামের কাজ এরই মধ্যেই এগিয়েছেন। সবারই ধারণা ছিল নতুন বছরে এ নিয়ে একটি ঘোষণা দেবেন ব্রিটনি। কিন্তু তিনি ভক্তদের আশার গুড়ে বালি দিয়েই জানালেন ফিরছেন না। সেখানেই শেষ নয়। ব্রিটনি জানালেন, আপাতত ঘোস্টরাইটার হিসেবে কাজ করছেন তিনি।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে এ খবর জানিয়েছেন ব্রিটনি স্পিয়ার্স। ব্রিটনি স্পিয়ার্স তার ইনস্টাগ্রামে গিদো রেনির একটি ছবি পোস্ট করেন। এতে ছিল সেন্ট জন দ্য ব্যাপ্টিস্টের একটি ছবি। ক্যাপশনে লিখেছেন, ‘আমি স্পষ্ট করে জানাতে চাই খবরে যা দেখছেন তা সব বাজে কথা। তারা বলছে আমি যার তার কাছে গিয়ে নতুন অ্যালবাম করার চিন্তা করছি। কিন্তু আমি আসলে ইন্ডাস্ট্রিতে কখনো ফিরছি না।’
ব্রিটনির কথাটি লক্ষ্য করার মতো। তিনি বলেছেন ইন্ডাস্ট্রিতে ফিরছি না। কিন্তু তিনি গান ছাড়ছেন এমন কথা বলেননি। পাশাপাশি আরো জানান, তিনি গত দুই বছর অন্যদের জন্য প্রায় ২০টির মতো গান লিখেছেন।
কিছুদিন আগে প্রকাশ হয়েছিল ব্রিটনির বই—দ্য উইম্যান ইন মি। বইটিতে থাকা নানা বক্তব্য নিয়েও সমালোচনা উঠেছিল। অনেকে বলেছেন, বইটি ব্রিটনির অনুমতি ছাড়াই প্রকাশ হয়েছে। এ নিয়ে তিনি বলেন, ‘লোকে বলে আমার বইটা আমার অনুমতি ছাড়াই প্রকাশ হয়েছে। এটিও সত্য নয়।’
ব্রিটনি সব সময়ই সোজা কথা বলার মানুষ। তিনি কখনো আবেগ লুকান না। তিনি এখন একাকী আছেন স্যাম আজগারির সঙ্গে বিচ্ছেদের পর। গত আগস্টে তারা আলাদা হন। এ নিয়ে ব্রিটনি লিখেছেন, ‘একা থাকার বিষয়টা একটু অদ্ভুত।’
সূত্র: ইয়ন










