লালন সাঁইয়ের তিরোধান হয় ১৭ অক্টোবর। এ বছর তার ১৩৫তম তিরোধান দিবস। এ উপলক্ষে কুস্টিয়া, ঢাকাসহ সারা দেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে লালন উৎসব—ভক্ত, সাধক আর শিল্লীদের মিলনমেলা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আজ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত কুষ্টিয়ায় তিন দিনব্যাপী উৎসব ও মেলা হতে যাচ্ছে। এছাড়া আগামীকাল ঢাকায় এবং আজ সারা দেশে একযোগে লালন উৎসব ও লালন মেলা উদযাপিত হবে।

নতুন বাংলাদেশের সাংস্কৃতিক অভিযাত্রায় লালন সাঁইয়ের তিরোধান দিবস প্রথমবারের মতো জাতীয়ভাবে পালিত হতে যাচ্ছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজন করছে এটি। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও কুষ্টিয়া জেলা প্রশাসন থাকছে ব্যবস্থাপনায়। কুষ্টিয়ায় তিন দিনব্যাপী লালনের ভাব-দর্শন চর্চা, লালন সংগীতানুষ্ঠান ও লালন মেলার আয়োজন করা হয়েছে।

আজ বিকাল ৪টায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ার লালন ধামে উদ্বোধন হবে আয়োজনের। প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। স্বাগত বক্তব্য প্রদান করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। লালন বক্তৃতায় মুখ্য আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন আন্তর্জাতিক খ্যাতিমান লেখক ও গবেষক প্রফেসর গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। লালন বক্তৃতায় আরো অংশগ্রহণ করবেন বিশিষ্ট কবি, লেখক ও চিন্তক ফরহাদ মজহার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ আল মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর ভাবগীতির সুর আর গানের বাণীতে ভরে উঠবে ছেঁউড়িয়ার লালন ধাম। টুনটুন বাউল, সুনীল কর্মকার, রওশন ফকির, লতিফ শাহসহ গাইবেন সারা দেশ থেকে আসা বাউল-ফকিররা। আগামীকাল ও ১৯ অক্টোবরও যথারীতি সারা দেশ থেকে বাউল-ফকিরদের গানে মুখর থাকবে ছেঁউড়িয়া লালন মেলা প্রাঙ্গণ।

কুষ্টিয়ার পাশাপাশি আগামীকাল ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানেও আয়োজিত হবে লালন উৎসব ও লালন মেলা। এ উৎসবে লালনের গান পরিবেশন করবেন ইমন চৌধুরী ও বেঙ্গল সিম্ফনি, আলেয়া বেগম, লালন ব্যান্ড, নীরব অ্যান্ড বাউলস, মুজিব পরদেশী, পথিক নবী, সূচনা শেলী, বাউলা ব্যান্ড, অরূপ রাহী, সমগীতসহ আরো অনেক শিল্পী ও গানের দল।

কুষ্টিয়া ও ঢাকার আয়োজনের পাশাপাশি প্রথমবারের মতো আজ দেশের ৬৪ জেলায় একযোগে লালন উৎসব ও লালন মেলা পালিত হবে। এরই মধ্যে কুষ্টিয়ায় লালন উৎসব ও লালন মেলার প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। দেশের নানা স্থান থেকে লালনভক্তরা উপস্থিত হচ্ছেন সেখানে। মঞ্চ সাজানোর কাজ চলছে।