২০২৫ সাল জয়া আহসানের ভক্তদের জন্য বিশেষ। বছরের শুরুতে তিনি ওটিটি প্লাটফর্মে হাজির হয়েছেন তার প্রথম ওয়েব সিরিজ ‘জিম্মি’র মাধ্যমে, যা মুক্তি পেয়েছিল ২৮ মার্চ। এরপর দুই বাংলার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জয়া অভিনীত পাঁচটি সিনেমা। সবশেষ ১ আগস্ট পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে তার সিনেমা ‘পুতুলনাচের ইতিকথা’। তবে এ সিনেমার রেশ এখনো কাটেনি, জয়া আবারো বড় পর্দায় হাজির হতে চলেছেন। দেশের প্রেক্ষাগৃহে আসছে ‘ফেরেশতে’, ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘জয়া আর শারমিন’।
ফেরেশতে তৈরি হয়েছে বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় এবং পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। সুবিধাবঞ্চিত একটি পরিবারের গল্প নিয়েই তৈরি হয়েছে সিনেমাটি। এতে জয়ার সঙ্গে অভিনয় করেছেন সুমন ফারুক, রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা ও শিশুশিল্পী সাথী। সিনেমার প্রযোজনার ক্ষেত্রেও জয়া যুক্ত আছেন। ২০২২ সালে নির্মাণের পর বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ফেরেশতে। ইরানের ফজর চলচ্চিত্র উৎসবে মানবিক দৃষ্টিভঙ্গির জন্য জাতীয় পুরস্কার জেতা এ সিনেমা, গত বছর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবেও দেখানো হয়েছিল। এবার পালা দেশের প্রেক্ষাগৃহে মুক্তির।
লায়ন সিনেমাস ও স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, চলতি মাসেই দেশে মুক্তি পেতে পারে ফেরেশতে। কেরানীগঞ্জের লায়ন সিনেমাসের ফেসবুক পেজে সিনেমার পোস্টার শেয়ার করে লেখা হয়েছে, ‘শিগগিরই আসছে’। স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, প্রযোজকদের সঙ্গে মুক্তিসংক্রান্ত আলোচনা চলছে এবং সবকিছু চূড়ান্ত হলে মুক্তির তারিখ ঘোষণা করা হবে।
অন্যদিকে ওটিটি প্লাটফর্ম চরকি ঘোষণা দিয়েছে, এ সেপ্টেম্বরে প্লাটফর্মটিতে মুক্তি পাচ্ছে ‘জয়া আর শারমিন’। পিপলু ও খান পরিচালিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ১৬ মে। সিনেমার গল্প দুই নারীর চারপাশে গড়ে উঠেছে। জয়া একজন অভিনেত্রী, শারমিন তার সহকারী। করোনা মহামারীর কারণে তারা দীর্ঘ সময় গৃহবন্দি জীবন কাটাতে বাধ্য হয়। প্রথমে সম্পর্কটি পেশাগত হলেও সময়ের সঙ্গে সঙ্গে একে অন্যের সঙ্গে তাদের বন্ধন দৃঢ় হয়। রান্না, গল্প, পুরনো স্মৃতি সবকিছুতেই তারা একে অন্যের সঙ্গী হয়ে ওঠে। তবে জয়ার তারকাখ্যাতি ও শারমিনের সাধারণ জীবন তাদের সম্পর্ককে জটিলতার মধ্যে ফেলে। সিনেমায় এ সম্পর্কের উত্থান-পতনের গল্পই ফুটিয়ে তোলা হয়েছে। জয়া এ সিনেমায় নিজেই জয়ার চরিত্রে অভিনয় করেছেন এবং শারমিন চরিত্রে দেখা যাবে মহসিনা আক্তারকে। ‘ফেরেশতে’-এর মতো এ সিনেমারও সহপ্রযোজক হিসেবে জয়া যুক্ত আছেন।










