হিন্দি সিনেমার একের পর এক রেকর্ড মাড়িয়ে এগিয়ে চলেছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’। তৃতীয় সপ্তাহান্তের আগেই সিনেমাটির আয় ৯০০ কোটি রুপি ছাড়িয়ে যাবে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

স্পাই থ্রিলারটি মুক্তির ১৫তম দিনে দেশীয় বাজারে ৬ কোটি ৭০ লাখ রুপি আয় করেছে। এতে আয় দাঁড়িয়েছে প্রায় ৪৫২ কোটি রুপি।

এর আগে ভেঙে দেয় ‘কেজিএফ টু’র হিন্দি বলয়ে ৪৩৪ কোটি রুপি আয়ের রেকর্ড। এখন সামনে আছে ‘বাহুবলি টু: দ্য কনক্লুশন’, এ ছবির আয় ছিল ৫১০ কোটি রুপি।

বৈশ্বিক বাজারেও ভালো করছে ‘পাঠান’। আজ সিনেমাটি ৮৭৫ কোটি রুপির ঘর পার করবে বলে জানান বিশ্লেষকরা। এরই মধ্যে ১১৫ কোটি রুপি আয় করে যুক্তরাষ্ট্র ও কানাডায় ‘আরআরআর’-এর রেকর্ড ভেঙে দিয়েছে। সামনে রয়েছে বৈশ্বিক ৯০০ কোটি রুপি আয়ের হাতছানি।

ধারণা করা হচ্ছে আগামী রোববারের আগেই এই মাইলফলক অর্জন করবে শাহরুখ খানের এই থ্রিলার। সব মিলিয়ে হাজার কোটির স্বপ্নও দেখছেন প্রযোজক আদিত্য চোপড়া।