গতকাল ঘোষণা হয়েছে টোকিও ফিল্ম ফেস্টিভ্যালের। এ বছরের আসরটি চলচ্চিত্র উৎসবের ৩৬তম আসর। ১০ দিনব্যাপী এ উৎসব আগামী ২৩ অক্টোবর শুরু হয়ে শেষ হবে আগামী ১ নভেম্বর। গত তিন আসর অনলাইনে হয়েছিল। এ বছর আবার সরাসরি দর্শকের অংশগ্রহণে হচ্ছে। আয়োজকরা এক বিবৃতিতে বলেন, ‘আমরা আশা করছি, টোকিও চলচ্চিত্র উৎসবের ৩৬তম আসর মহামারী পরবর্তী সময়ের চলচ্চিত্রাঙ্গনের জন্য ইতিবাচক হবে।’
টোকিও ফিল্ম ফেস্টিভ্যাল নিজের মতো জায়গা করে নিয়েছে। অর্জন করেছে সুনাম। ২০২২ সালে এ চলচ্চিত্র উৎসবে ৫৮ দেশ থেকে ১ হাজার ৮৯৫ জন অংশগ্রহণকারীকে সুযোগ দিয়েছিল। এতে ৩২৭টি ভার্চুয়াল প্রদর্শনী হয়। ১০০ অনলাইন টাইটেল হোস্ট করেছিল চলচ্চিত্র উৎসবটি। প্রদর্শনীর পাশাপাশি ছিল ১৪টি অনলাইন সেমিনার। সিনেমা নিয়ে সেখানে নানা আলোচনা হয়েছিল।
তবে এ বছর ভেনু নিয়ে চিন্তিত টোকিও ফিল্ম ফেস্টিভ্যাল। কেননা তিন বছর অনলাইন উৎসব হওয়ায় এ বছর কোথায় অনুষ্ঠান হবে, তা এখনো ঠিক করা সম্ভব হয়নি। তবে হিবিয়া-উরাকুচো-মারুনোচি-জিনজায় ফেরানোর চিন্তা করা হচ্ছে। নিয়ম অনুসারে উৎসবের ভেনুর জন্য এক বছর আগে অগ্রিম বুকিং দিতে হয়। কিন্তু এ বছর তা করা হয়নি। সেক্ষেত্রে ভেনু নিশ্চিত করতে হলে উৎসব কর্তৃপক্ষকে নতুন করে চিন্তা করতে হবে। তবে তারা ভেনু ও উৎসবের আয়োজন নিয়ে আশাবাদী।
সূত্র: ভ্যারাইটি










