শুভমুক্তির অপেক্ষায় রয়েছে শ্রীরাম রাঘবন পরিচালিত ‘‌মেরি ক্রিসমাস’। অপেক্ষায় রয়েছেন চলচ্চিত্রপ্রেমীরাও। আগামী শুক্রবার পর্দায় আসতে যাওয়া সিনেমাটিতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ ও বিজয় সেতুপতি। ক্যাটরিনার সঙ্গে রুপালি পর্দায় বিজয়ের এটাই প্রথম রসায়ন, যদিও হিন্দি সিনেমায় এটা তার তৃতীয় পদক্ষেপ। এর আগে সন্তোষ সিভানের মুম্বাইকার ও অ্যাটলি কুমারের ‘‌জওয়ান’-এর মাধ্যমে নানাভাষী ভক্তদের প্রশংসা কুড়িয়েছেন। পাশাপাশি প্রশংসিত হয়েছে তার অনাড়ম্বর জীবনযাপন ও পোশাক-পরিচ্ছদ। তবে সম্প্রতি বিষয়টিকে খোলাসা করলেন এ তারকা। বলিউড হাঙ্গামার এক আলোচনায় এক ভক্ত তার অনাড়ম্বর জীবন নিয়ে প্রশংসা করলে তৎক্ষণাৎ তিনি খণ্ডন করেন। তিনি বলেন, ‘‌মানুষ আমাকে অনাড়ম্বর মনে করে। কিন্তু বিষয়টা ঠিক না। নিজের জন্য জুতসই হবে কিনা, সেটা বিবেচনা করেই আমি পোশাক কিনি। সেটা হয়তো ব্লেজারও হতে পারে। আজকে শার্ট পরার কারণ এটা আরামদায়ক, মোটেই অনাড়ম্বরতা না। আমি যা পরেছি, তা ব্যয়বহুল।’

ভারতজুড়ে দর্শক টানতে একই সঙ্গে হিন্দি ও তামিল ভাষায় শুট করা হয়েছে। ভিন্ন ভাষার জন্য নেয়া হয়েছে ভিন্ন সহযোগী চরিত্র। এমনকি ডায়ালগ পর্যন্ত লেখা হয়েছে ভিন্নভাবে। মুম্বাইয়ে বৃহস্পতিবার মেরি ক্রিসমাসের প্রচারণা চালাচ্ছেন তিনি। ভক্তের ভুল ধারণা খণ্ডন করতে গিয়ে হেসে বলেন, ‘‌মানুষ ভাবে আমি অনাড়ম্বর। এটা ঠিক নয়। আমার কাছে জুতসই মনে হলে আমি জেমস বন্ডের মতো পোশাক পরব। এমন অনাড়ম্বরতার ট্যাগ আমি চাই না।’ 

ক্যাটরিনা কাইফের সঙ্গে অভিনয় করা নিয়ে সেতুপতি বলেন, ‘‌কখনো কল্পনাও করিনি ক্যাটরিনার সঙ্গে সিনেমা করার সুযোগ পাব। আমি আগে থেকেই তার অনেক বড় ভক্ত। তার সঙ্গে অভিনয় করতে পেরে আমি আনন্দিত। অভিনেত্রী হিসেবেও তিনি খুব চিন্তাশীল ও চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে পারেন সহজে। সব কথা মেনে না নিলেও তিনি আরেক জনের কথা শুনতে পছন্দ করেন। অভিনয়কে এগিয়ে নেয়ার জন্য প্রচেষ্টা থাকে দুর্দান্ত। চলচ্চিত্র জগতে তার দীর্ঘ ক্যারিয়ার কেবল সৌন্দর্যের জন্য নয়, বরং তার বোঝাপড়া ও অনুভূতিপ্রবণ হওয়ার কারণেও। শুধু সৌন্দর্য দিয়ে হলে এতদিন টিকে থাকতে পারতেন না। বিষয়টি তার সঙ্গে অভিনয়ের সুবাদে খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। 

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস