টেইলর সুইফট স্টাইলে ভর করে ছুটির মৌসুমে পা রাখছেন। এ সময় তিনি তার ডকু সিরিজ দি এন্ড অব অ্যান এরা প্রচার করছেন। সেজন্যই দ্য লেট শো উইথ স্টিফেন কোলবার্টে উপস্থিত হয়েছিলেন। অনুষ্ঠানে তাকে এক চমৎকার ভেলভেটের পোশাকে দেখা গেল। পোশাকটির দাম ২ হাজার ডলার। অর্থাৎ বাংলাদেশী মুদ্রায় এর দাম হয় প্রায় আড়াই লাখ টাকা। সেটা তেমন কোনো বিষয় না। তবে তার গলায় থাকা নেকলেসটির দাম ৮০ হাজার ডলার। বাংলাদেশী মুদ্রায় ৯৭ লাখ টাকার বেশি।
টেইলর সুইফটের শীতকালীন ফ্যাশন এখন আলোচনার তুঙ্গে। দ্য লেট শো উইথ স্টিফেন কোলবার্টে হাজির হয়ে তা আরো বাড়িয়েছেন। ১০ ডিসেম্বর সুইফট ডেভিড কোমার নকশা করা এক দুর্দান্ত বারগান্ডি রঙের ভেলভেট ড্রেস পরেছিলেন। অফ-শোল্ডারের মিনি ড্রেসটি তিনি মিলিয়ে নিয়েছিলেন একটি রুবি নেকলেস, ছোট কানের দুল এবং মানানসই পাম্প শুর সঙ্গে। তার লুককে আরো আকর্ষণীয় করেছে সিগনেচার উইঙ্গড আইলাইনার ও লাল লিপস্টিক। চুল ছিল পরিপাটি খোঁপায় বাঁধা।
ইনস্টাগ্রামের টেইলরসুইফটস্টাইলড পেজ অনুযায়ী, তার পোশাকটির মূল্য ১ হাজার ৯৭৬ ডলার। তবে তিনি যে নেকলেসটি পরেছিলেন, তা ‘ভিনটেজ ১৮ ক্যারেট ইয়েলো গোল্ড ডায়মন্ড অ্যান্ড রুবি নেকলেস’। এর দাম ৮০ হাজার ডলার। এর সঙ্গে মিলিয়ে পরা জুতার দাম ৯৪০ ডলার।
ম্যানহাটন, নিউইয়র্ক সিটির এড সুলিভান থিয়েটারে সুইফট আরেকটি ডিজাইনার পোশাকে হাজির হন। শীতের ফ্যাশনকে পূর্ণতা দিতে তিনি একটি কালো টপ, মিনি স্কার্ট ও ম্যাক্স মারার ওলগা কোট পরেছিলেন। লুকটি সম্পূর্ণ করেন ডায়মন্ড ড্রপ ইয়াররিংস দিয়ে।
এ পোশাকের মূল্যও হাজার ডলারে পৌঁছায়। ম্যাক্স মারার ওলগা কোটের দাম ২ হাজার ৫৮৩ ডলার (৩ লাখ ১৩ হাজার টাকার কিছু বেশি)। মিউ মিউর চেক স্কার্ট ১ হাজার ৮৯০ ডলার (প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা) ও ক্রিশ্চিয়ান লুবুতাঁর জেন বুটসের দাম ২ হাজার ১৯৫ ডলার (২ লাখ ৬৬ হাজার টাকার কিছু বেশি)।










