ওয়েব সিরিজ এখন পৃথিবীব্যাপী জনপ্রিয়। ভারতেও গত কয়েক বছরে জনপ্রিয় হয়েছে সিরিজ। এর মধ্যে নেটফ্লিক্স ও প্রাইম আছে পছন্দের শীর্ষে। অবশ্য ভারতের নিজস্ব বেশকিছু ওটিটিও নিজেদের কনটেন্ট দিয়ে বাজার ধরেছে এরই মধ্যে। তবে নেটফ্লিক্স ও প্রাইম তাদের কনটেন্টের মানের কারণে এগিয়ে থাকছে। কভিড-১৯ চলাকালীন লকডাউনে তারা যেভাবে বাজার ধরেছিল তা এখনো আছে। ওই সময় থেকেই টেলিভিশনের দর্শকের অন্যতম পছন্দের প্লাটফর্ম হয়ে উঠেছিল ওটিটি এবং তা এখনো আছে। ২০২৩ সালে এসেও এ ধারা অব্যাহত আছে আর এ বছর বেশকিছু সিরিজ দর্শকপ্রিয়তা পেয়েছে। এর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে প্রাইমের সিরিজ ফারজি ও নেটফ্লিক্সের গানস অ্যান্ড গুলাবস। এদিকে আইএমডিবি অনুসারে ২০২৩ সালের ভারতীয় সেরা ১০ সিরিজের প্রথম দুই স্থান নিয়েছে ফারজি ও গানস অ্যান্ড গুলাবস। দুই সিরিজেরই নির্মাতা রাজ অ্যান্ড ডিকে।
ফারজির মধ্য দিয়ে শহীদ কাপুরের ওটিটি অভিষেক হয়। এছাড়া এ সিরিজে ছিলেন বিজয় সেতুপতি। সিরিজটি গল্পের পাশাপাশি এদের অভিনয়ের জন্যও জনপ্রিয় হয়। ফারজি স্ট্রিম হয়েছিল এ বছরের শুরুর দিকে। ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া ফারজি নিয়ে শুরুতে দর্শকের আগ্রহ থাকলেও প্রথম সপ্তাহের পর এর জনপ্রিয়তা বাড়তে থাকে। নির্মাতা জুটি রাজ অ্যান্ড ডিকে তাদের সিরিজ দ্য ফ্যামিলি ম্যান দিয়ে এর আগেই জনপ্রিয় হয়েছিলেন, এরপর তারা দর্শক মাতিয়েছেন ফারজি দিয়ে। নকল নোটের কারবার নিয়ে নির্মিত এ সিরিজ যতটা না থ্রিলার তার চেয়ে বেশি মনোযোগ কেড়েছে নির্মাতাদের বুদ্ধিবৃত্তিক কমেডি। রাজ অ্যান্ড ডিকে জুটির নির্মাণ দর্শকের মধ্যে নতুন ধারার কনটেন্ট নিয়ে আশা তৈরি করেছে।
নেটফ্লিক্সে গানস অ্যান্ড গুলাবস মুক্তি পায় আগস্টে। ফারজি এ বছরের অন্যতম ‘মোস্ট ওয়াচড’ সিরিজ হলেও গানস অ্যান্ড গুলাবস সে তকমা পায়নি। কিন্তু সিরিজে আশির দর্শকের উপস্থাপনা থেকে শুরু করে দুলকার সালমান, আদর্শ গৌরব ও রাজকুমার রাওর অভিনয়, গল্পের বুনট ও আশির দশকের উপস্থাপনা দর্শকের ভালো লেগেছে। সে কারণেই সিরিজটি নিয়ে মুক্তির আগে ও পরে অনলাইনে আলোচনা দেখা গেছে।
এ দুই সিরিজের বাইরেও দ্য নাইট ম্যানেজার (তৃতীয় অবস্থানে), কোহরা ও অসুর আছে পরবর্তী অবস্থানে। এর মধ্যে নেটফ্লিক্সের কোহরা সমালোচক মহলে প্রশংসিত হয়েছে। এছাড়া অসুর তো বহুল আলোচিত। এর বাইরে কাজল করেছেন ‘দ্য ট্রায়াল’, সুস্মিতা সেনের আর্যা সিরিজের তৃতীয় পর্ব এসেছে এবং এ বছর ছিল প্রাইমের জনপ্রিয় সিরিজ মেড ইন হেভেনের দ্বিতীয় সিজনও। তবে এসব কিছু ছাপিয়ে সেরা হয়ে রইলেন রাজ অ্যান্ড ডিকে।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










