বাংলাদেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার ধারণ করা হয়েছে নদীবিধৌত দ্বীপ জেলা ভোলায়। নদীবেষ্টিত এ জেলার ঐতিহ্যবাহী চরফ্যাশনে প্রায় শতবর্ষ প্রাচীন ট্যাফনাল ব্যারেট স্কুলের সামনে নির্মাণ করা হয়েছিল মূল মঞ্চ।
প্রত্যন্ত অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য দর্শকের সামনে তুলে ধরার ধারাবাহিকতায় এবারো ভোলার সমৃদ্ধ সংস্কৃতি ও মানুষের জীবনযাত্রাকে ইত্যাদিতে তুলে ধরা হয়েছে। ধারণের দিন ভোলা শহরে নেমেছিল উৎসবের আমেজ। দুপুর থেকে অনুষ্ঠানস্থলে ভিড় জমতে থাকে দর্শকের। স্থানটিতে শুধু আমন্ত্রিত দর্শক নয়, বাইরে থেকেও প্রায় অর্ধলক্ষ মানুষ প্রিয় অনুষ্ঠান দেখার জন্য ভিড় করেন। স্থানীয়রা জানান, ভোলায় এত দর্শক সমাগমের নজির আগে কখনো দেখা যায়নি।
অনুষ্ঠানের শুরুতেই ভোলাকে ঘিরে নির্মিত একটি পরিচিতিমূলক গান পরিবেশন করা হয়। মনিরুজ্জামান পলাশের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা, কোরিওগ্রাফি করেছেন এসকে জাহিদ এবং এতে অংশ নেন স্থানীয় শতাধিক নৃত্যশিল্পী। গানটির সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীতায়োজন করেছেন মেহেদী। এছাড়া জনপ্রিয় শিল্পী রবি চৌধুরী ও আঁখি আলমগীর পরিবেশন করেছেন ইমরান মাহমুদুলের সুর-সংগীতে রবিউল ইসলাম জীবনের লেখা গান ‘আমাকে না বলে’।

দর্শকপর্বে ভোলাকে কেন্দ্র করে করা প্রশ্নোত্তরের মাধ্যমে নির্বাচিত তিনজন দর্শক জনপ্রিয় অভিনেতা ভোলার সন্তান তৌসিফ মাহবুবের সঙ্গে অভিনয়ে অংশ নেন। এছাড়া এবারের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ভোলার গর্ব, দুই দফা এভারেস্টজয়ী পর্বতারোহী এমএ মুহিতের সাক্ষাৎকার। তিনি দ্বিতীয়বার নিশাত মজুমদারের সঙ্গে একসঙ্গে এভারেস্ট জয় করার সময় তাদের হাতে থাকা ‘ইত্যাদি’ লেখা ব্যানারের গল্পও শেয়ার করেছেন।
এবারের পর্বে ভোলা ও এর বিভিন্ন উপজেলাকে ঘিরে তৈরি করা হয়েছে একটি বিশেষ তথ্যচিত্র। পাশাপাশি রয়েছে ১৯৭০ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে ভোলার ক্ষয়ক্ষতির প্রত্যক্ষ অভিজ্ঞতার বর্ণনা, মহিষকেন্দ্রিক বাণিজ্যিক কার্যক্রম, জেলেদের জীবনের করুণ বাস্তবতা এবং বিদেশী প্রতিবেদন হিসেবে চীনের বেইজিংয়ের ঐতিহাসিক সামার প্যালেস।
নিয়মিত চিঠিপত্র পর্ব ছাড়াও এবারের ইত্যাদিতে রয়েছে সমসাময়িক বিষয়ভিত্তিক নানা নাট্যাংশ। এর মধ্যে আছে কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম বৃদ্ধা, গরমে চরম অবস্থা, মোবাইল আসক্তি, সংস্কৃতি বিতর্ক, ভাইরাস আতঙ্ক, চোরের সংজ্ঞা প্রভৃতি। এতে অভিনয় করেছেন জনপ্রিয় শিল্পী দিলারা জামান, সোলায়মান খোকা, আব্দুল আজিজ, সুভাশিষ ভৌমিক, আরফান আহমেদ, মুকিত জাকারিয়াসহ আরো অনেকে।
গণমানুষের প্রিয় অনুষ্ঠান ইত্যাদি প্রচারিত হবে ২৯ আগস্ট রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। যথারীতি অনুষ্ঠানের স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।










