দক্ষিণ কোরিয়ার কে-পপ ব্যান্ড বিটিএস এখন দুনিয়াজুড়ে আলোচিত নাম। সাত সদস্যের এ ব্যান্ডের জনপ্রিয়তাকে অনেকে এমনকি বিটলসের সঙ্গে তুলনা করছেন। এশিয়া এবং ইংরেজিভাষী নয়—এমন কোনো ব্যান্ডের বিশ্বজুড়ে এমন প্রভাব সহসা দেখা যায়নি। টাইম ম্যাগাজিন তাদের সম্বোধন করেছে ‘প্রিন্সেস অব পপ’
নামে। সম্প্রতি নতুন রেকর্ডের জন্ম দিয়েছে এ ব্যান্ড। তাদের দ্বিতীয় ইংরেজি গান ‘বাটার’
পাঁচ সপ্তাহ ধরে বিলবোর্ড হট হান্ড্রেড চার্টে এক নম্বরে অবস্থান করছে। প্রথমবার কোনো গান এ চার্টের শীর্ষস্থান পাওয়ার পর এত বেশি সময় ধরে আর অবস্থান ধরে রাখতে পারেনি। এর আগের রেকর্ডটি চার সপ্তাহের এবং সেটা ২৩ বছর আগের। অ্যারোস্মিথের আই ডোন্ট ওয়ান্ট টু মিস আ থিং গানটি একনাগাড়ে চার সপ্তাহ ধরে চার্টের শীর্ষে অবস্থান করেছিল।
বিটিএসের বাটার গানটি গতকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে স্ট্রিম হয়েছে ১ কোটি ২৪ লাখ বার, রেডিওতে বাজানো হয়েছে ২ কোটি ৭৬ লাখ বার। জুনের ৫ তারিখ থেকে গানটি বিলবোর্ড হট হান্ড্রেড চার্টে এক নম্বরে জায়গা করে নিয়েছে। সম্প্রতি এর স্ট্রিমিং ১ শতাংশ হারে কমলেও বেড়েছে রেডিওতে প্রচার ও ডাউনলোডের পরিমাণ।
বিলবোর্ডের টপচার্টের প্রথম স্থান পাওয়া গানগুলো সাধারণত দ্রুতই জনপ্রিয়তা হারাতে থাকে। কিন্তু বাটার গানটির জনপ্রিয়তা এখনো রেডিওতে বাড়ছে। যুক্তরাষ্ট্রে এখনো গানের জনপ্রিয়তা নির্ধারণ করতে রেডিওকে গুরুত্ব দেয়া হয়। স্ট্রিমিং কিংবা মিউজিক অ্যাপগুলো এখনো ততটা মর্যাদা পায় না।
বিটিএস তাদের প্রথম ইংরেজি গান ডায়নামাইট প্রকাশ করেছিল ২০২০ সালের আগস্টে। গানটি হট হান্ড্রেড চার্টে দুই সপ্তাহ শীর্ষস্থান ধরে রাখতে পেরেছিল। যুক্তরাষ্ট্রের বাইরেও বিপুল জনপ্রিয়তা পেয়েছে বাটার। মুক্তির প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের বাইরে গানটি প্রায় ২০ কোটি ৯০ লাখ বার স্ট্রিমিং হয়। ডিজিটাল বিক্রির দিক থেকে ২০১৭ সালে এড শিরানের শেপ অব ইউ গানটিকে ছাড়িয়েছে বাটার।
সূত্র: ফোর্বস











