ক্যাথরিন বিগলোর পলিটিকাল থ্রিলার 'এ হাউজ অব ডাইনামাইট'। সিনেমাটিতে অভিনয় করেছেন ইদরিস এলবা। তাকে দেখা যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চরিত্রে। সিনেমাটি মুক্তি পায়নি এখনো, তবে মঙ্গলবার প্রদর্শিত হয়েছে ভেনিস চলচ্চিত্র উৎসবে। আর প্রদর্শনীর পর সিনেমাটি পেয়েছে ১১ মিনিটের স্ট্যান্ডিং অভেশন।
এবারের ভেনিস চলচ্চিত্র উৎসবে বেশ কয়েকটি সিনেমা সম্মাননা পেয়েছে। সেই তালিকায় যুক্ত হলো এ হাউজ অব ডাইনামাইট। সিনেমার প্রদর্শনী শেষ হওয়ার পর দর্শক যখন করতালি দিচ্ছিলেন, সে সময় এলবা সিনেমার নির্মাতা বিগলোকে উঠে দাঁড়াতে সাহায্য করেন। তারাও ধীরে ধীরে দর্শকের তালির সঙ্গে তাল মেলান। এ সময় এলবার সহঅভিনেত্রী রেবেকা ফার্গুসন দর্শকের দিকে চুম্বন ছুঁড়ে দেন।
এ সময় দর্শকসারি থেকে কয়েকজন চিৎকার করে ওঠেন। তারা বলেন, ‘রেবেকা, তোমাকে আমরা ভালোবাসি।’ প্রায় দশ মিনিট ধরে চলে সে পর্ব। এ সময় দর্শকরা সিনেমার নির্মাতা বিগলোর নামে উল্লাসধ্বনি করেন। নির্মাতা ও কলাকুশলীরাও হাত নেড়ে দর্শকদের কৃতজ্ঞতা জানান।
এ হাউজ অব ডাইনামাইট মূলত মার্কিন সরকার ও হোয়াইট হাউজকে জড়িয়ে নির্মিত একটি ফিকশন। একটি মিসাইল আক্রমণকে নিয়ে রাজনৈতিক থ্রিলারটি নির্মিত হয়েছে। এতে অভিনয় করেছেন ইদ্রিস এলবা, রেবেকা ফার্গুসন, গ্যাব্রিয়েল বাসো, গ্রেটা লি প্রমুখ। ২০১৭ সালের পর বিগলো এই প্রথম কোনো সিনেমা নিয়ে হাজির হলেন।
২০১৭ সালে তিনি ১৯৬৭ সালে ঘটা ডেট্রয়েট রায়ট নিয়ে সিনেমা নির্মাণ করেছিলেন। এর আগে তিনি ভেনিসে এসেছিলেন ২০০৮ সালে। সে বছর প্রদর্শিত হয় ইরাকের যুদ্ধ নিয়ে তার নির্মিত ওয়ার ড্রামা ‘দ্য হার্ট লকার’। সিনেমাটি সে সময় ১০ মিনিটের করতালি পেয়েছিল।
এর আগে একটি সংবাদ সম্মেলনে বিগলো তার সিনেমা নিয়ে বলেন, ‘আশা করি সিনেমাটি দেখে দর্শকরা আধুনিক অস্ত্র সম্পর্কে নতুন করে চিন্তা করবেন। আমার অবশ্য মনে হয় নিউক্লিয়ার অস্ত্র নিয়ে ভাবার সময় হয়েছে।’
সূত্র: ভ্যারাইটি










