ডেনজেল হেইস ওয়াশিংটন চার দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন। বহুমুখী চরিত্রে অভিনয়ের জন্য দর্শকপ্রিয় মার্কিন এ অভিনেতা। কেবল অভিনয় নয়, ক্যারিয়ারে বেশকিছু চলচ্চিত্র পরিচালনার পাশাপাশি প্রযোজনায়ও দেখা গেছে তাকে। অস্কার জিতেছেন দুবার। তবে এবার বোধ হয় ডেনজেলভক্তদের জন্য দুঃসংবাদ আসছে। এমনটাই আঁচ করা যাচ্ছে অভিনেতার সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকার থেকে।

ডেনজেলকে এ বছর দেখা যাবে অ্যাকশন, অ্যাডভেঞ্চার গল্প নিয়ে ‘গ্ল্যাডিয়েটর টু’-তে। এ সিনেমার একটি অনুষ্ঠানেই মার্কিন গণমাধ্যম এম্পায়ার ম্যাগাজিনের সঙ্গে কথা বলেছেন অভিনেতা। ডেনজেল বলেন, ‘আমার মনে হয় আর অল্প কিছুসংখ্যক সিনেমা বাকি আছে, যেগুলোয় আমি কাজ করতে আগ্রহী। অবশ্যই সে কাজগুলোয় চলচ্চিত্র নির্মাতাদের আমাকে আগ্রহী করে তুলতে হবে।’ অর্থাৎ তিনি অভিনয় করতে পারেন এমন সিনেমা পাচ্ছেন না। 

এর মধ্যে গ্ল্যাডিয়েটরের নির্মাতা রিডলি স্কটেরও প্রশংসা করেছেন তিনি এবং জানিয়েছেন, তিনি রিডলির কাজ দেখে প্রচণ্ডভাবে অনুপ্রাণিত। এ সিনেমার আগেই ২০০৭ সালে ‘আমেরিকান গ্যাংস্টার’-এ কাজ করতে গিয়ে নির্মাতা রিডলি স্কটের সঙ্গে দুর্দান্ত সম্পর্ক হয়েছে। অভিনেতা বলেন, ‘প্রথম থেকে আমাদের সম্পর্ক বেশ ভালো ছিল এবং এখনো তেমনই আছে। রিডলি তার জীবন ও পরবর্তী সিনেমা এ দুই বিষয় নিয়ে সর্বদা উচ্ছ্বসিত থাকেন। তিনি আমার জন্য অনুপ্রেরণা। আমাদের সবারই ৮৬ বছর বয়সেও এমন অনুভব করা উচিত।’

এছাড়া নতুন সিনেমা গ্ল্যাডিয়েটরের সিকুয়াল নিয়ে বেশ আত্মবিশ্বাসী এর অভিনেতা ও নির্মাতা উভয়ই। ডেনজেল জানিয়েছেন, এটি রিডলি ও তার তৈরি সেরা কাজ। 

সূত্র: ভ্যারাইটি