প্রতি বছরই ঈদে ব্যস্ততা থাকে বিনোদন পাড়ায়। সে ব্যস্ততার ছোঁয়া লেগেছে এখন দেশের ওটিটি মাধ্যমগুলোতেও। এই ঈদে চাঁদরাতে চরকি অরিজিনাল সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ স্ট্রিমিং শুরু হয়। প্রথম দিন থেকেই সাড়া ফেলেছে ওয়েব সিরিজটি। চরকি বলছে মুক্তির পর থেকে ১০০ ঘণ্টার মধ্যে ১ কোটি মিনিট স্ট্রিমিং হয়েছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। তিন সপ্তাহ পার হয়ে গেলেও এখনো ইতিবাচকভাবে দর্শক মহলে সাড়া ফেলছে শিহাব শাহীন পরিচালিত অ্যালেন স্বপন। 

গত বছরের ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল ওয়েব সিরিজ ‘সিন্ডিকেট’। সিরিজটির অন্যতম চরিত্র ‘অ্যালেন স্বপন’। তাকে নিয়ে দর্শকের মনে নানা প্রশ্ন জেগেছিল। চট্টগ্রামের ভাষা ও কিছু পাঞ্চলাইন দিয়ে অ্যালেন স্বপন চরিত্রটা পর্দায় প্রশংসার সঙ্গে তুলে ধরেছিলেন নাসির উদ্দিন খান। এবারে সিন্ডিকেট ওয়েব সিরিজের স্পিন অব ‘মাইসেলফ অ্যালেন স্বপন’। এর কেন্দ্রীয় চরিত্র এই অ্যালেন স্বপন। নাসির উদ্দিন খানের বিপরীতে এতে অভিনয় করছেন রাফিয়াত রশিদ মিথিলা। এরই মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শক নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন এ সিরিজ নিয়ে। ব্যাপকভাবে প্রশংসা পাচ্ছেন কেন্দ্রীয় চরিত্রে ভূমিকায় অভিনয় করা নাসির উদ্দিন খান। 

এত অল্প সময়ে সিরিজটি এত মানুষ দেখেছে যে এটা নিয়ে বেশ আপ্লুত নাসির উদ্দিন খান। তিনি বলেন, ‘অ্যালেন স্বপন চরিত্রটির সঙ্গে আমার তেমন কোনো মিল নেই। তবে চরিত্রটি আমার খুব পছন্দের। অ্যালেন স্বপন চরিত্রটা যে মানুষ এত ভালোবেসে ফেলবে এটা আমি কল্পনাও করিনি। অনেক পোস্ট, লেখা, ফোন কল, খুদেবার্তা অনেক শুভকামনা পাচ্ছি। আড়ালে চোখ মোছা ছাড়া এ আনন্দ অনুভূতির কথা কোনো ভাষায় বোঝাতে পারব না।’ এই সিরিজে শায়লা চরিত্রে অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মিথিলা। মুক্তির পর থেকে প্রশংসা পাচ্ছেন তিনি। মিথিলা বলেন, ‘এটা পুরো টিম ওয়ার্কের কারণে সম্ভব হয়েছে। সেই সঙ্গে আমার চরিত্রটাও খুব ইন্টারেস্টিং ছিল। দর্শক এত কম সময়ে সিরিজটি এত দেখছে ভেবেই ভালো লাগছে।’

শিহাব শাহীন ও রবিউল আলম রবির গল্পে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘দর্শক দেখলে, পছন্দ করলেই আমাদের নির্মাণ পূর্ণতা পায়। সিন্ডিকেট করার সময় ভাবিনি অ্যালেন স্বপন চরিত্রটা এত জনপ্রিয় হবে। নাসিরের ক্রেডিট যে তিনি চরিত্রটিকে ভিন্ন মাত্রা দিয়েছেন। সেই সঙ্গে পুরো টিমকে ধন্যবাদ।’ চট্টগ্রামের ইয়াবা সম্রাট থেকে সিন্ডিকেটের মানি লন্ডারিংয়ের মূল হোতা হয়ে ওঠার জার্নি উঠে এসেছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এ। সিরিজটি বিভিন্ন প্রশ্ন রেখেছে দর্শকের কাছে যার জবাব মিলবে সিন্ডিকেট সিরিজের পরবর্তী অংশে। 

সাত পর্বের সিরিজটিতে নাসির উদ্দিন এখন এবং মিথিলা ছাড়াও আরো অভিনয় করেছেন সুমন আনোয়ার, আব্দুল্লাহ আল সেন্টু, রফিউল কাদের রুবেল, অর্ণব ত্রিপুরা, মিশকাত মাহমুদ, আইমন শিমলা, ফরহাদ লিমন, জাহিদ ইসলাম, সাজু মাহাদিসহ অনেকে। ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে হয়েছে এ সিরিজের দৃশ্য ধারণ।