নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘‌দ্য ক্রাউন’। ব্রিটিশ রাজপরিবারকে নিয়ে নির্মিত হয়েছে সিরিজটি। চলছে এর ষষ্ঠ সিজন। ১৬ নভেম্বর স্ট্রিম হয়েছে সিজনের প্রথম এপিসোড। শেষ এপিসোড স্ট্রিম হবে আগামী ১৪ ডিসেম্বর। ষষ্ঠ সিজন দিয়েই শেষ হবে দ্য ক্রাউন। সিরিজে ব্যবহার হয়েছে নানা ধরনের প্রপ। আর এবার পরিকল্পনা হচ্ছে এগুলো নিলামে তোলার। কেবল নিলামই নয়, আয়োজন করা হবে একটি প্রদর্শনীর। লন্ডনের অকশন হাউজ বোনহ্যাম এ আয়োজন করছে। নিলামে উঠবে সিরিজের জন্য তৈরি করা বিভিন্ন পোশাক এমনকি কাঠামো। এর মধ্যে আছে প্রিন্সেস ডায়নার ‘‌রিভেঞ্জ ড্রেস’খ্যাত পোশাকটি। আরো আছে ১০ ডাউনিং স্ট্রিটের সামনের একটি ‘‌ফাসাদ’ (স্থাপনার সামনের অংশ, বিশেষভাবে অলংকৃত হতে পারে), ব্রিটিশ মিনিস্টারদের বাসভবন ও স্বর্ণের স্টেট কোচের রেপ্লিকা। এটি স্বাভাবিকভাবেই কাজ করে, কেবল ঘোড়া যুক্ত থাকবে না। 

গত বুধবার অকশন হাউজের পক্ষ থেকে তাদের পরিকল্পনা জানানো হয়। তাদের পরিকল্পনা অনুসারে, ২০২৪ সালের ৩০ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি আয়োজন হবে নিলাম। তবে একটিই নিলাম হবে না। এর সঙ্গে থাকবে কয়েক দফার প্রদর্শনী এবং তা আয়োজন হবে ভিন্ন ভিন্ন শহরে। প্রাথমিক পরিকল্পনা অনুসারে, নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, প্যারিস ও লন্ডনে প্রদর্শনী আয়োজন করার কথা বলা হয়েছে। দ্য ক্রাউনের সেট ও প্রপস সময় নিয়ে বানানো। সিনেমা বা সিরিজ নির্মাণে ইচ্ছুকদের জন্য এটি কাজ করবে শিক্ষা হিসেবে। সে কারণেই নিলামের পাশাপাশি প্রদর্শনীর আয়োজন। ফিল্ম মেকিংয়ের শিক্ষার্থীরা এ প্রদর্শনী থেকে উপকৃত হবেন। অকশন হাউজের পরিচালক চার্লি থমাসের মতে, ‘‌এ নিলাম ও প্রদর্শনী টিভির ইতিহাসের একটা ঝলক।’

তিনি আরো বলেন, ‘‌ক্রাউনের সেট থেকে প্রায় ৪৫০টি উপকরণ নিয়ে হাজির হব প্রদর্শনীতে। এর মধ্যে থাকছে সিরিজের সেট, কস্টিউম ও অন্যান্য প্রপ। সিরিজ দেখার সময় দর্শকরা এসব সূক্ষ্মভাবে লক্ষ করতে পারেননি। কিন্তু প্রদর্শনীতে তারা সময় নিয়ে সৌন্দর্য উপভোগ করতে পারবেন।’ প্রাথমিক তথ্য অনুসারে, ছোটখাটো প্রপ ৭৫ ডলার দিয়ে শুরু হবে ও বিশেষ কিছু প্রপের ভিত্তিমূল্য শুরু হবে ৫০ হাজার ডলার থেকে।

সূত্র: ইয়ন