‘বিশ্ব মূকাভিনয় দিবস ২০২৫’ ও মূকাভিনেতা ফরাসি শিল্পী ‘মাস্টার অব মাইম’ মার্সেল মার্সোর ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে শিল্পকলায় অনুষ্ঠিত হচ্ছে স্বপ্নদলের প্রশংসিত মূকনাট্য ম্যাকবেথের বিশেষ মঞ্চায়ন। আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭টায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে অনুষ্ঠিত হবে এর মঞ্চায়ন। উইলিয়াম শেকসপিয়রের রচনা অবলম্বনে জুয়েনা শবনমের কাহিনী পুনর্বিন্যাস ও ঐতিহ্যের ধারায় বাংলা মূকাভিনয়রীতিতে নির্মিত ‘ম্যাকবেথ’-এর নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
স্বার্থপরতা-ক্ষমতালিপ্সা-অতি উচ্চাকাঙ্ক্ষায় সাহসী সেনাপতি ম্যাকবেথের রাজা ডানকানকে হত্যাসহ ক্ষমতা দখল ও শাসন টিকিয়ে রাখার জন্য একের পর এক হত্যাকাণ্ড ও শেষে তারও একই পরিণতির শিকার হওয়ার বিশ্বখ্যাত ট্র্যাজেডি ম্যাকবেথ। সারা বিশ্বে শেকসপিয়রের রচনা নিয়ে মঞ্চ-চলচ্চিত্র-টেলিভিশনে নানামাত্রিক সৃজনকর্ম পরিচালিত হলেও ব্যবহারিক গবেষণাগার পদ্ধতিতে পূর্ণাঙ্গ মূকনাট্য বা মাইমোড্রামা হিসেবে মঞ্চে উপস্থাপন স্বপ্নদলের ম্যাকবেথই প্রথম। নাটকটির অভিনয়শিল্পীরা হলেন জুয়েনা, হাসান, সুমাইয়া, নিশক, শিশির, শ্যামল, জেবু, সোনালী, অনিন্দ্য, অর্ক, নিসর্গ, শফিক, জাওয়াদ, আলী প্রমুখ। ম্যাকবেথ প্রযোজনাটির মঞ্চ-আলোক পরিকল্পনা করেছেন ফজলে রাব্বি সুকর্ণ, কোরিওগ্রাফি পরিকল্পনা করেছেন হাসানুজ্জামান, পোশাক-সামগ্রী পরিকল্পনা করেছেন জুয়েনা শবনম, হাসানুজ্জামান ও সুমাইয়া শিশির।










