কয়েক মাস পরই আসছে ঈদুল ফিতর। ঈদের নাটক নিয়ে এরই মাঝে ব্যস্ত হয়ে পড়েছেন তারকারা। সম্প্রতি ঈদুল ফিতরের বিশেষ একক নাটক ‘বিরতিহীন যাত্রা’র শুটিং শেষ করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। আহমেদ তাওকীরের রচনায় নাটকটি নির্মাণ করছেন নিমার্তা অনন্য ইমন।

শারীরিক অক্ষমতা মানুষের জন্য বাধা হতে পারে না, এমন বিষয়ই দেখানো হয়েছে এ নাটকে। বিরতিহীন যাত্রা নাটকের গল্পটা শারীরিক প্রতিবন্ধী সুনয়নাকে নিয়ে। হুইলচেয়ারে বন্দি সুনয়না চায় মানুষের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে। তার লড়াই নিয়েই এ নাটক। সাবিলা নূর অভিনয় করেছেন সুনয়না চরিত্রে। এ নিয়ে তিনি বলেন, ‘গত ঈদ থেকে গল্পনির্ভর কাজ করছি। সে ধারাবাহিকতায় নাটকটিতে কাজ করা।’ নাটকের বিষয়বস্তু সম্পর্কে সাবিলা বলেন, ‘শারীরিক অক্ষমতা কোনো বাধা নয়, মানসিক ইচ্ছাই যেকোনো কিছু জয়ের জন্য যথেষ্ট, সেটাই নাটকের মূল প্রতিপাদ্য। একটা সুন্দর বাংলাদেশ গড়তে দরকার বোধ পরিবর্তনের একটা যুদ্ধ! আমি সে যুদ্ধের আহ্বান জানিয়েছি বিরতিহীন যাত্রা নাটকে। নিজেকে নতুনভাবে তুলে ধরতে চেষ্টা করেছি এ নাটকে।’

নাটকটি নিয়ে নির্মাতা অনন্য ইমন বলেন, ‘গল্পনির্ভর কাজে যে মজা পাই, সেটা আসলে অন্য কাজে পাই না। আমি সবসময় চেষ্টা করি একটা গল্প বিস্তারিতভাবে তুলে ধরতে। এ নাটক অনেকখানি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে করা। আশা করছি দর্শক ভালোভাবে নেবেন।’

বিরতিহীন যাত্রা নাটকে আরো অভিনয় করেছেন সাবেরী আলম, আব্দুল্লাহ রানা, সুদীপ বিশ্বাস দীপ, আনোয়ারসহ অনেকে।