মা দিবস উপলক্ষে তৃতীয়বারের মতো ‘মা পদক ২০২৪’ দেয়া হয়েছে শুক্রবার। পারফেক্ট ইলেকট্রনিকস নিবেদিত এ পদক দেয়া হয় বিশিষ্ট অভিনেত্রী আনোয়ারা বেগম এবং সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস আহমেদের মাকে। এছাড়া কোরিওগ্রাফার, নৃত্যনির্দেশক ও নৃত্যশিল্পী শামীম আরা নিপা, অভিনেত্রী রিচি সোলায়মান, রাফিয়াত রশিদ মিথিলা, কেয়া পায়েল, অভিনেতা ইন্তেখাব দিনার, নায়ক ইমন, অভিনেত্রী মিম, অভি মঈনুদ্দীনসহ আরো কয়েকজন সন্তানের মায়ের হাতে মা পদক ২০২৪ তুলে দেয়া হয়। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ অ্যাডভোকেট সানজিদা খানম এমপি। বিশেষ অতিথি আলী-রূপা ফাউণ্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল হক ও পারফেক্ট ইলেকট্রনিকসের প্রতিষ্ঠাতা ও সিইও গোলাম শাহরিয়ার কবির। 

পদক পাওয়া মায়েদের প্রত্যেককে মেডেল পরিয়ে দেয়ার পাশাপাশি ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান এবং আলী-রূপা ফাউণ্ডেশনের পক্ষ থেকে উপহার দেয়া হয়। আমেরিকান কসমেটিক ব্র্যাণ্ড ‘হারল্যান’-এর পক্ষ থেকেও উপহার দেয়া হয়। প্রধান অতিথি অ্যাডভোকেট সানজিদা খানম এমপি বলেন, ‘সব গর্বিত সন্তানদের মায়েদের হাতে মা পদক তুলে দিতে পেরে ভীষণ ভালো লেগেছে। মায়েদের কষ্টের কারণেই কিন্তু সন্তানরা সফল হয় এবং মায়েরা আজ সম্মানীত হলেন। আজ তাদের উজ্জ্বল মুখ দেখতে পাচ্ছি।’