জুটি হিসেবে কয়েকটি নাটকেই দেখা গেল তৌসিফ ও তটিনীকে। এ প্রজন্মের অভিনেতা তৌসিফ মাহবুব। রোমান্টিক ঘরানার গল্পে তাকে দর্শক গ্রহণ করেছেন। তবে সে ঘরানা থেকে বেরিয়ে নিরীক্ষাও করেছেন অভিনেতা। এদিকে তরুণ অভিনেত্রীদের মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন তানজিম সাইয়ারা তটিনী। ভালোবাসা দিবস উপলক্ষে ১৬ ফেব্রুয়ারি ইউটিউবে প্রকাশ হয়েছে ‘সে আমার আপনজন’। এরই মধ্যে নাটকটি প্রায় ২০ লাখ ভিউয়ার উপভোগ করেছেন। এতে তৌসিফ ও তটিনীর অনবদ্য অভিনয় বেশ প্রশংসিত হচ্ছে।

জুটি হিসেবে অভিনয় করার কারণে দুই শিল্পীর বোঝাপড়া বেশ ভালো। তৌসিফ বলেন, ‘তটিনী শুরু থেকেই খুব ভালো করছে। শুরু থেকেই তার প্রতি প্রত্যাশা ছিল অনেক, যা সে পূরণ করে যাওয়ার চেষ্টা করছে।’ একই জুটি বারবার দেখা নিয়ে তিনি বলেন, ‘একসঙ্গে বেশ কয়েকজন অভিনয়শিল্পী নাটকে অভিনয় করা থেকে নিজেকে একটু দূরে সরিয়ে নিয়েছেন। যে কারণে তটিনীসহ আরো যে ক’জন নতুন অভিনেত্রী এসেছেন তাদের ওপর একটা হঠাৎ চাপ চলে এসেছে। দর্শক নানা ধরনের মন্তব্য করেন, তুলনা করেন। অবশ্যই আমরা সিনিয়রদের মতো না, কিন্তু চেষ্টা করে যাচ্ছি।’

এর আগে তৌসিফ-তটিনী জুটি ‘শেষ ঘুম’, ‘ও আমায় ভালোবাসেনি’, ‘শর্টকাট লাভ স্টোরি’ নাটকে অভিনয় করেছিলেন। সর্বশেষ তারা দুজন কেএম সোহাগ রানার ‘বিষয়টা ভালোবাসার’ নাটকে অভিনয় করেছিলেন। তটিনীকে নিয়ে তৌসিফ আরো বলেন, ‘তটিনী এখন শিখছে। সামনে সে আরো ভালো করবে। কারণ তার চেষ্টার ত্রুটি নেই।’

এদিকে তটিনী বলেন, ‘তৌসিফ ভাই খুব ভালো একজন সহশিল্পী এবং নিঃসন্দেহে তিনি একজন ভালো অভিনেতা।’

‘‌সে আমার আপনজন’ ছাড়াও গত রাতে এসেছে তাদের আরেকটি নাটক ’পরী’। দর্শককে এ দুটো নাটক দেখার আমন্ত্রণ জানিয়েছেন তটিনী।