হলিউডের রাইটার্স গিল্ড সদস্যদের ধর্মঘটে সমর্থন ও সংহতি প্রদর্শনে এমটিভি মুভি অ্যান্ড টিভি অ্যাওয়ার্ড সঞ্চালনা থেকে সরে দাঁড়ালেন ড্রিউ ব্যারিমোর। তবে পরিবর্তী আসরে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছেন। খবর ভ্যারাইটি।

আগামী রোববার (৭ মে) রাতের এ আসর অব্যাহত থাকবে বা সঞ্চালক ছাড়া অনুষ্ঠিত হবে কি না এখনো স্পষ্ট নয়। তবে শোনা যাচ্ছে, অনুষ্ঠানে রেড কার্পেট বা সাক্ষাৎকার পর্ব থাকছে না।

ব্যারিমোর এক বিবৃতিতে বলেছেন, আমি লেখকদের কথা শুনেছি। সত্যিকার অর্থে তাদের প্রতি সম্মান জানিয়ে ধর্মঘটের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এমটিভি মুভি অ্যান্ড টিভি অ্যাওয়ার্ডস সঞ্চালনা থেকে সরে দাঁড়াচ্ছি।

আরো বলেন, চলচ্চিত্র ও টেলিভিশনের যা কিছু আমরা উদযাপন করি তা লেখকদের সৃষ্টি থেকে আসা। এর সমাধান না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আশা করি আপনারা আমার সঙ্গে যোগ দেবেন।

সেরা কিছু কাজে অংশীদার করার জন্য এমটিভিকেও ধন্যবাদ জানান জনপ্রিয় এ অভিনেত্রী। সঙ্গে জানান, আগামী বছর পুরস্কার অনুষ্ঠানটি চালিয়ে নিতে চান।

সম্প্রতি বিশ্বের সর্ববৃহৎ এ বিনোদন ইন্ডাস্ট্রি হলিউডের সিনেমা ও টেলিভিশনের স্ক্রিপ্ট রাইটাররা ধর্মঘট ডেকেছেন। তাদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

গত ২ মে বিকালে ধর্মঘট শুরু হয়েছে। হলিউডের বড় ও গুরুত্বপূর্ণ স্টুডিওগুলোর বিরুদ্ধে টেলিভিশন ও সিনেমার ১১ হাজার ৫০০ স্ক্রিপ্ট লেখক এ কর্মসূচি ডেকেছেন। এসব স্টুডিওর মধ্যে ইউনিভার্সাল, প্যারামাউন্ট, নেটফ্লিক্স, অ্যামাজন ও অ্যাপল অন্যতম।

লেখকদের তিন বছরের চুক্তি শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগেই ভোটের মাধ্যমে ধর্মঘটের সিদ্ধান্ত নেয় ইউনিয়ন।

বেতন বাড়ানো লেখকদের প্রধান দাবি। গত দশকে যুক্তরাষ্ট্রে স্ক্রিপ্টভিত্তিক টেলিভিশন অনুষ্ঠানের সম্প্রচার দ্রুতগতিতে বেড়েছে। কিন্তু সে তুলনায় স্ক্রিপ্ট রাইটারদের বেতন বাড়েনি বলে জানায় রাইটারস গিল্ড অব আমেরিকা।

নেটওয়ার্ক টেলিভিশনের যুগে লেখকরা কোনো অনুষ্ঠানের একটি সিজনে ২০টিরও বেশি এপিসোডে কাজ করার সুযোগ পেতেন। তা থেকে সারা বছর চলার মতো উপার্জন করতে পারতেন। কিন্তু স্ট্রিমিংয়ের যুগে এপিসোডের সংখ্যা কমেছে। বর্তমানে এপিসোডের সংখ্যা ৮-১২-এর মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। ইউক্রেন যুদ্ধ, মূল্যস্ফীতি ও কভিড মহামারী পরবর্তী অর্থনৈতিকি মন্দার মাঝে স্ক্রিপ্ট রাইটারদের সাপ্তাহিক বেতনও কমেছে বলে জানিয়েছে রাইটার্স গিল্ড অব আমেরিকা।