বিশ্বজুড়ে সুপারহিরো সিনেমার চাহিদা তুঙ্গে। হলিউডের সিনেমাগুলো এক্ষেত্রে এগিয়ে থাকে সবসময়। গত এক দশকে মার্ভেল সুপারহিরোরা সবচেয়ে বেশি জনপ্রিয়। ডিসিও পিছিয়ে থাকছে না। সে ধারাবাহিকতায় ২০২২ সালেও অনেকগুলো সুপারহিরো সিনেমা আসতে যাচ্ছে। সংখ্যার হিসাবে গেলে কম-বেশি ১০টি সিনেমা আসছে, যার প্রায় সবক’টির জন্য দর্শকের আগ্রহ বহুদিনের।

শুরুতেই ব্যাটম্যানের নতুন সিনেমাটির কথা বলা যায়। ব্রুস ওয়েনের দ্বৈত জীবন এবং গোথাম সিটির গল্প নিয়ে এর মধ্যেই অনেক সিনেমা তৈরি হয়েছে। তবে এবারের সিনেমাটি ভিন্ন। কেননা রবার্ট প্যাটিনসন কেমন করেন তা নিয়ে সবার আগ্রহ রয়েছে। এর বাইরে আরেকটি ধারণা হলো, এ সিনেমায় ব্যাটম্যান অনেক বেশি প্রতিশোধপরায়ণ। ২০২১ সালের ডিসেম্বরে ট্রেলার মুক্তির পর থেকে সিনেমা নিয়ে উন্মাদনা আরো বেড়েছে। সিনেমাটি মুক্তি পাবে আগামী ৪ মার্চ।

মাইকেল মরবিয়াস নামে ডার্ক একটি চরিত্র নিয়ে আসছেন জারেড লেটো। সনির প্রযোজনায় মার্ভেলের সিনেমাটিতে লেটোকে আরেকটি নতুন রূপে দেখতে উত্সুক সবাই। অনেকে ধারণা করছেন, স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম-এর সফলতার পর ভেনম ও মরবিয়াস যুক্ত হবে মাল্টিভার্সে। মরবিয়াস মুক্তি পাবে আগামী ১ এপ্রিল। আগামী ৬ জুন আসছে মার্ভেলের অন্যতম প্রতীক্ষিত সিনেমা ডক্টর স্ট্রেঞ্জ অ্যান্ড দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস। এ নিয়ে নতুন করে কিছু বলার নেই। ডক্টর স্টিফেন স্ট্রেঞ্জের ক্যারিশমা নিয়ে কাম্বারব্যাচ ফের আসছেন দর্শক মাতাতে। অবশ্য তার আগে মে মাসে আসতে যাওয়া ডিসির লিগ অব সুপার-পেটস দর্শকদের কতটা পছন্দ হবে তা দেখার বিষয়। সুপার ডগ হিসেবে এ সিনেমায় কণ্ঠ দিচ্ছেন ডোয়েইন জনসন। ২০২১ সালের নভেম্বরে সিনেমাটির ট্রেলার মুক্তির পর সিনেমার থিম নিয়ে অনেকেই আগ্রহী হয়েছেন।

থর সবচেয়ে শক্তিশালী অ্যাভেঞ্জার কিনা তা নিয়ে তর্ক আছে। তবে ক্রিস হেমসওয়ার্থ যে শক্তিশালী তাতে কারো সন্দেহ নেই। হেমসওয়ার্থকে থর হিসেবে পুনরায় দেখা যাবে থর: লাভ অ্যান্ড থান্ডার সিনেমায়। সিনেমাটি মুক্তি পাবে আগামী ৮ জুলাই। শ্যজাম-এর স্পিন অব ব্ল্যাক অ্যাডাম আসবে ২৯ জুলাই, যেখানে নাম ভূমিকায় অভিনয় করছেন ডোয়েইন জনসন।

বছরের শেষে আবার ফিরছে স্পাইডার-ম্যান। স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স-এর প্রথম পর্ব মুক্তি পাবে অক্টোবরের প্রথম সপ্তাহে। আগামী ১৬ ডিসেম্বর জেসন মোমোয়ার অ্যাকুয়াম্যান: দ্য লস্ট সিটি দিয়ে এ বছরের সুপারহিরো সিনেমার দীর্ঘ যাত্রা শেষ হবে।

 

সূত্র: হলিউড ইনসাইডার