নোবেল বিজয়ী ইতালিয়ান নাট্যকার দারিও ফোর আলোচিত নাটক ‘অ্যাকসিডেন্টাল ডেথ অব অ্যান অ্যানার্কিস্ট’। বিশ্বের ৪০টির বেশি দেশে নাটকটি মঞ্চস্থ হয়েছে। এবার ঢাকার মঞ্চে এটি নিয়ে এসেছে বাতিঘর নাট্যদল। বাংলায় নাটকটির নাম দেয়া হয়েছে ‘প্যারাবোলা’। বাতিঘরের ১৭তম প্রযোজনা এটি। বাংলায় এর রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন মুক্তনীল। এরই মধ্যে গতকাল শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা সাড়ে ৭টায় হয়েছে প্যারাবোলার বিশেষ প্রদর্শনী। এছাড়া আজ ও আগামীকাল একই স্থানে বিকাল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় নাটকটির ৪টা নিয়মিত প্রদর্শনী হতে যাচ্ছে।
প্যারাবোলা নাটকটির নির্দেশক মুক্তনীল জানান, এটি ইতালিতে ঘটে যাওয়া বাস্তব ঘটনা অবলম্বনে রচিত। মুক্তনীল বলেন, ‘অ্যাকসিডেন্টাল ডেথ অব অ্যান অ্যানার্কিস্ট দারিও ফোর বিখ্যাত একটি রাজনৈতিক নাটক। এ নাটকের সঙ্গে আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটের অনেক মিল। যেকোনো ঘটনাকে নানা আঙ্গিকে দেখার সুযোগ থাকে। মূল ঘটনা একই রেখে আমরা আমাদের মতো করে নাটকটি মঞ্চায়নের চেষ্টা করেছি। তাই নাটকের নাম দেয়া হয়েছে প্যারাবোলা।’
নির্দেশক নাটকটির গল্প নিয়ে বলেন, ‘একটি মৃত্যুকে কেন্দ্র করে এ নাটকের কাহিনী। এ মৃত্যুকে নানা দৃষ্টিকোণ থেকে দেখতে দেখতে জানা যায় মৃত্যুর মূল কারণ। এভাবেই সুশাসন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। আমাদের বর্তমান সমাজব্যবস্থায় এ দেখার সুযোগটা রুদ্ধ করে দেয়া হয়েছে। আমরা একচোখে দেখছি। বাতিঘর সবসময় বর্তমানের কথা বলে। বিচারব্যবস্থা বলুন কিংবা মৌলিক চাহিদা—সবকিছুতেই একটা ব্যত্যয় লক্ষ করা যাচ্ছে। সে জায়গা থেকেই আমরা প্যারাবোলা নাটকটি মঞ্চে আনছি।’










