ঈদ আসতেই ব্যস্ততা বেড়ে যায় নির্মাতা ও অভিনেতা-অভিনেত্রীদের। এবারের ঈদও তার ব্যতিক্রম ছিল না। তবে এ ঈদে অনেক নতুন মুখের ভিড় ছিল ছোট পর্দায়। এদের মধ্যে অন্যতম তানজিম সাইয়ারা তটিনী। ছোট পর্দায় নিয়মিত অভিনয় করছেন এ অভিনেত্রী। বছরের শুরুতেই ‘‌ক্লোজ আপ কাছে আসার গল্প’র ‘‌সময় সব জানে’ নাটকে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি। এটি পরিচালনা করেছেন সাকিব ফাহাদ। এতে তানজিম সাইয়ারা তটিনীর বিপরীতে ছিলেন শাশ্বত।

অন্যদিকে এ ঈদে একাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। অভিনয় প্রসঙ্গে তানজিম সাইয়ারা তটিনী বলেন, ‘আমার ভীষণ ভালো লাগে শ্রদ্ধেয় সুবর্ণা মুস্তাফা ম্যাম, শমী কায়সার আপু ও নূসরাত ইমরোজ তিশা আপুর অভিনয়। তবে এটা ভীষণ সত্যি যে আমার মতো যারা নতুন, তাদের কাছে ভীষণ অনুপ্রেরণার হলেন মেহজাবীন আপু। একই জনপ্রিয়তা নিয়ে দীর্ঘ সময় একই অবস্থানে টিকে থাকা ও তার ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করে, অনুপ্রাণিত করে। নতুন হিসেবে আমি সবার ভালোবাসায় সত্যি মুগ্ধ, তবে আমি একজন ভালো অভিনেত্রী হতে চাই।’ এবারের ঈদে অপূর্বর বিপরীতে মেহেদী হাসান জনির ‘এসো হাত বাড়াও’, মুহাম্মদ মিফতাহ আনানের ‘ও আমায় ভালোবাসেনি’ নাটকে অভিনয় করেও দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তিনি। এছাড়া কিছু নাটক ইউটিউবে প্রচারের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন এ অভিনেত্রী। 

তটিনী বর্তমানে নর্থসাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ করছেন। মিডিয়ায় যাত্রা শুরু হয়েছিল তার বিজ্ঞাপনে মডেল হিসেবে। শখের বশে মডেলিং শুরু করলেও সময়ের সঙ্গে বিজ্ঞাপনের সংখ্যা বেড়েছে। এরপর মডেলিং, পাশাপাশি অভিনয় শুরু করেন তিনি। মূলত তার অভিনয়ের যাত্রা মাহমুদুর রহমান হিমির ধারাবাহিক নাটক ‘হাউজ নং ৬৯’ এর মাধ্যমে। অভিনয়ের এ যাত্রা নিয়ে তানজিম সাইয়ারা তটিনী বলেন, ‘‌অভিনয়ের অনেক কিছুই শেখা মাহমুদুর রহমান হিমির কাছ থেকে। এ কারণে তার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ আমি।’ 

বিজ্ঞাপনের বাইরে তটিনী ওটিটি প্লাটফর্মে অভিনয় করেছেন। স্ট্রিমিং প্লাটফর্ম চরকির চলচ্চিত্র ‘এ মুহূর্তে’তে আলাদা তিনটি গল্প ছিল। এর মধ্যে পিপলু আর খানের পরিচালনায় ‘কল্পনা’য় অভিনয় করেছেন তটিনী। এতে তার সহশিল্পী ছিলেন সারা যাকের ও জাহিদ হাসান। কেমন ছিল সে অভিজ্ঞতা, এ নিয়ে তটিনী বলেন, ‘তারা কত বড় মাপের শিল্পী, সেটা বলার অপেক্ষা রাখে না। আমি শুধু শিখেছি। সবচেয়ে ভালো লাগে যে তারা নতুন শিল্পীদের সব সময় আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেন। ভুল করলে শিখিয়ে দেন। পরিচালক পিপলু স্যারও অনেক সহযোগিতা করেছেন।’ আগামীতে আরো ভালো কাজ করার ইচ্ছা এ অভিনেত্রীর। আসন্ন কাজ নিয়েই বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তিনি।