কণ্ঠশীলনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শিক্ষাগুরু ওয়াহিদুল হকের ৯০তম জন্মদিন ১৬ মার্চ ২০২৩। তার জন্মদিনকে ঘিরে আগামীকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে কণ্ঠশীলন আয়োজন করবে ‘শিক্ষাগুরু ওয়াহিদুল হক জয়ন্তী ও সমাবর্তন অনুষ্ঠান’। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে গোলাম সারোয়ারের গ্রন্থনা ও নির্দেশনায় আবৃত্তি প্রযোজনা ‘মহীয়সী রোকেয়া’র দশম মঞ্চায়ন হবে। বাঙালি সংস্কৃতির অন্যতম নিবিষ্ট সাধক ও সংগীতজ্ঞ ওয়াহিদুল হকের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা এবং কণ্ঠশীলনের প্রমিত উচ্চারণ, বানান ও আবৃত্তি শিক্ষার ১০১-১০৪তম আবর্তনে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে প্রদায়ক গুণিন হিসেবে অভিজ্ঞান পত্র বিতরণ করবেন মঞ্চসারথি আতাউর রহমান।  ওয়াহিদুল হক আজ বহুদূরে। জগতের যত হাসি-কান্না, হিসাব-নিকাশের বাইরে। আবার বহু কাছেও আছেন তিনি। তার কর্মে, তার সৃষ্টির পথে পথে, অন্তরের অনুরণনে—কথাহীন, দেহহীন অনন্ত হয়ে। প্রয়াত নাজিম মাহমুদ ওয়াহিদুল হককে বলতেন ‘হ্যামিলনের বাঁশিওয়ালা’। আসলেই বাঁশির সুর ছড়িয়েছিলেন তিনি পথে পথে। পদে-পদে জাতিসত্তার ‘চির উন্নত শিরে’ অবগাহনে। সে সুর তাকে চিনিয়ে দেবে কালে কালে।