হলিউডের বিখ্যাত পরিচালক টাইকা ওয়াইটিটি। ‘‌থর: লাভ অ্যান্ড থান্ডার’ ও ‘‌জোজো র‌্যাবিট’-এর মতো জনপ্রিয় সিনেমার জন্য পরিচিত। সম্প্রতি তিনি ভারতীয় জনপ্রিয় মাধ্যম ইন্ডিয়া টুডেকে জানিয়েছেন ভারতীয় সিনেমার প্রতি তার ভালো লাগার কথা। তিনি জানান, রেমো ডি’সুজার ২০১৩ সালের সুপারহিট সিনেমা ‘এবিসিডি: অ্যানিবডি ক্যান ডান্স’ তার প্রিয় একটি সিনেমা। সেই সঙ্গে টাইকা সত্যজিৎ রায়ের ‘‌পথের পাঁচালী’র প্রশংসা করেছেন এবং জানিয়েছেন এ সিনেমা তাকে অনুপ্রেরণা জুগিয়েছিল চলচ্চিত্র নির্মাণে। 

টাইকা বলেন, ‘অবশ্যই সত্যজিৎ রায়ের পথের পাঁচালী সিনেমাটি সুন্দর এবং অনুপ্রেরণা জুগিয়েছিল আমাকে যখন আমি প্রথমদিকে সিনেমা তৈরি করেছিলাম। এরপর আমার দৃষ্টিতে চমৎকার সিনেমা এবিসিডি। আমি মনে করি এ দুর্দান্ত সিনেমাটি সবার দেখা উচিত।’ 

সত্যজিৎ রায়ের সিনেমার প্রশংসা হলিউডের অনেকেই করেন। কিন্তু এর পাশে টাইকা যেভাবে রেমোর সিনেমাকে রাখলেন তাতে অনেকের একটু অবাক লাগতে পারে। মূলত টাইকা যে ধারার সিনেমা বানান তার সঙ্গে রেমোর সিনেমার মিল আছে।

এবিসিডি মূলত নাচকে কেন্দ্র করে নির্মিত একটি সিনেমা। পরিচালনার পাশাপাশি এতে অভিনয় করেছেন রেমো ডি’সুজা। ছিলেন বেশ কয়েকজন ভারতীয় জনপ্রিয় নৃত্যশিল্পী। এদের মধ্যে প্রভু দেবা, কে কে মেনন, লরেন জেটলি, পুনিত পাঠক, ধর্মেশসহ আরো অনেকে ছিলেন। এবিসিডি ২০১৩ সালে মুক্তির পর দর্শক জনপ্রিয়তার কারণে ২০১৫ সালে এবিসিডি সিনেমাটির একটি সিকুয়াল আসে।

টাইকার জোজো র‌্যাবিট বহুল প্রশংসিত সিনেমা। ‘থর র‌্যাগনারক’ও দর্শক পছন্দ করেছে। ২০২২ সালে থর: লাভ অ্যান্ড থান্ডার দিয়ে আবার পরিচালনায় ফিরেছিলেন। তবে ২০১৭ সালের থর র‌্যাগনারকের সফলতার সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যেতে পারেননি। থর: লাভ অ্যান্ড থান্ডার খুব বেশি দর্শকপ্রিয়তা পায়নি। টাইকা পরিচালিত সর্বশেষ সিনেমা ‘নেক্সট গোল উইনস’। ২০২৩ সালে সিনেমাটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছিল। সিনেমাটি গতকাল ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। 

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস