অবশেষে আজ মুক্তি পাচ্ছে দক্ষিণ ভারতের সুপারস্টার রজনীকান্তের সিনেমা আন্নাথি। বহুল প্রত্যাশিত সিনেমাটি নিয়ে উচ্ছসিত রজনীকান্ত ভক্তরা। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমা মুক্তি নিয়ে ঝড় তুলেছেন তারা।

এদিকে আগামীকাল বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ১ হাজার ১০০ সিনেমা। তার মধ্যে দক্ষিণের মেগাস্টারের সিনেমাটি ভারতীয় সময় খুব সকালেই মুক্তি পাবে।  এরই মধ্যে সকালের শোয় আন্নাথি দেখতে হলগুলো পুরোপুরি বুকড হয়ে গেছে। এমনকি অনেক দর্শক দিনের শুরুতে অন্য শো দেখতে টিকিট কেটেছিলেন। সেই টিকিট তারা আন্নাথি দেখার জন্য পরিবর্তনও করেছেন। তবে ভক্তদের মধ্যে এ উচ্ছ্বাস প্রথম নয়। রজনীকান্তের সিনেমা মুক্তি নিয়ে সবসময়ই উদযাপন শুরু হয় ভক্তদের। আর সেটা বড় ধরনের উৎসব থেকে কম নয়।

অন্যদিকেআন্নাথি দেখতে শুধু ভারতেই নয়, বাইরের দেশের হলগুলোও পরিপূর্ণ হয়ে গেছে। কারণ বক্স অফিসেও সবার ওপরে রজনীকান্ত। তাই বিশ্বব্যাপী আন্নাথি থেকে বড় ধরনের প্রত্যাশা করা হচ্ছে। কারণ এ মেগাস্টারের কোনো সিনেমাই ব্যর্থ হয়নি। সিনেমায় রজনীকান্তকে গ্রাম পঞ্চায়েতের প্রধানের চরিত্রে দেখা যাবে। এতে রজনীকান্তের বিপরীতে অভিনয় করেছেন নয়নতারা। তার বোনের চরিত্রে দেখা যাবে কীর্তি সুরেশকে। খল চরিত্রে দীর্ঘদিন পরে কামব্যাক করতে দেখা যাবে প্রকাশ রাজকে। আন্নাথির পরিচালক সিরুথাই শিবা।

বেশ কিছুদিন আগে প্রকাশিত হয় সিনেমাটির প্রথম গান। দক্ষিণী ছবিতে লাগাতার অ্যাকশনধর্মী সিনেমা উপহার দিলেও রজনীকান্তকে এ সিনেমায় একটু অন্য রকম দেখা যাবে।

১৯৭৫ সালে কে বালাচন্দরের ছবি দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর তামিল চলচ্চিত্রজগতে ৪৫ বছর ধরে কাজ করছেন। রজনীকান্ত কাজ করেছেন বলিউডেও। সব মিলিয়ে প্রায় পৌনে দুইশ ছবিতে অভিনয় করেছেন দক্ষিণের এ মেগাস্টার। গত বছর দরবার সিনেমায় শেষবারের মতো দেখা গেছে তামিলের অ্যাকশন সিনেমা ‘কাবালি’র এ অভিনেতাকে।

 

সূত্র: পিংকভিলা