এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। আবারো নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন তিনি। সম্প্রতি একসঙ্গে তিনটি নাটক মুক্তি পেয়েছে তার। নাটকগুলো হলো ‘জামাই বউ বাটপার’ (পরিচালনা: মাসুদ রানা অনিক), ‘পানু হেটস রানু’ (পরিচালনা: মাসুদ রানা অনিক) ও ‘দাদীর দাদাগিরি’ (পরিচালনা: শহীদ উন নবী)। প্রতিটি নাটকেই তিনি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।
এর আগে শহীদ উন নবীর নাটকগুলোয় অভিনয় করে দারুণ সাড়া ফেলেছিলেন বৃষ্টি। এবারো দাদীর দাদাগিরিতে তার অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি অনিকের পরিচালনায় নির্মিত জামাই বউ বাটপার ও পানু হেটস রানু নাটকেও তার অভিনয় আলোচনায় এসেছে।
তানিয়া বৃষ্টি নিজের অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘অনেক কষ্ট সংগ্রামের পর আজ একজন অভিনেত্রী হিসেবে আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে আসতে পেরেছি। দর্শক আমার অভিনীত নাটক আগ্রহ নিয়ে উপভোগ করেন, এটাই আসলে আমার প্রাপ্তি। আগে এমন সময় ছিল, গল্প বাছাইয়ের সুযোগ পেতাম না। যা আসত তাই করতাম। এখন ভালো গল্প ও চরিত্র বেছে কাজ করার স্বাধীনতা পেয়েছি। এজন্য যেসব নির্মাতা আমাকে গুরুত্ব দিচ্ছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’
অভিনয় জীবনের শুরু থেকেই তিনি নিজেকে একজন অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। যদিও প্রথম দিকে সুযোগ সীমিত ছিল, তবে পরিচালক জাকিউল ইসলাম রিপন তার ভেতরের প্রতিভা খুঁজে বের করতে সক্ষম হন। ২০২২ সালে তার নির্দেশনায় ‘পিনিকেই ঝিনিক’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করে তুমুল আলোচনায় আসেন তানিয়া বৃষ্টি। সেখান থেকেই শুরু হয় তার ধারাবাহিক সাফল্যের যাত্রা।
এর পর থেকে তিনি একের পর এক ভালো গল্পের নাটকে অভিনয় করে যাচ্ছেন। সাম্প্রতিক সময়ে তার আলোচিত নাটকের মধ্যে রয়েছে— ‘মেথর’, ‘সানগ্লাস ফ্যামিলি’, ‘জামাই বউ চোর’, ‘বউ বেশি বুঝে’ প্রভৃতি।










