বলিউডের ইতিহাসের অন্যতম আলোচিত ও ব্যবসাসফল সিনেমা থ্রি ইডিয়টস সম্প্রতি এক যুগ পূর্ণ করেছে। আমির খান, মাধবন, শারমান জোশি, কারিনা কাপুর ও বোমান ইরানি অভিনীত সিনেমাটি এখনো দর্শকদের প্রিয়। বোমান ইরানি ইঞ্জিনিয়ারিং কলেজের ডিন, তথা ভাইরাসের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। ভাইরাস চরিত্রটিও বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু শুরুতে চরিত্রটি করতে রাজি ছিলেন না বোমান ইরানি। পরিচালক রাজকুমার হিরানী (রাজু)
প্রস্তাব দেয়ার পর বোমান তাকে বলেছিলেন ভাইরাস চরিত্রটি প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খানকে দিতে।
বলিউড হাঙ্গামাকে দেয়া এক সাক্ষাত্কারে বোমান ইরানি বলেন, ‘‘থ্রি ইডিয়টসে আমার চরিত্রটা ছিল মুন্নাভাই সিনেমার চরিত্রটির খুব কাছাকাছি। আতশি কাচ দিয়ে দেখলে দেখা যাবে চরিত্র দুটোর মধ্যে অনেক সাদৃশ্য আছে। যেমন—দুজনই ডিন, দুজনের মেয়েই তাদের চক্ষুশূল কোনো ছেলের (নায়ক) প্রেমে পড়ে। তাই আমি রাজুকে বলেছিলাম যে চরিত্র দুটো একই রকম। কিন্তু রাজু বলেছিলেন ‘না’। আমি বলেছিলাম কাজটা করব না। থ্রি ইডিয়টস সিনেমার চরিত্রটা আমি ফিরিয়ে দিয়েছিলাম।”
পরের গল্পটা বোমানই শুনিয়েছেন—‘আমি রাজুকে বলেছিলাম থ্রি ইডিয়টসে আমার পরিবর্তে ইরফান খানকে নিতে। আমি বলেছিলাম চরিত্রটিতে ইরফানকে খুব মানাবে। কিন্তু তখন রাজু বলল, ইরফান চরিত্রটির তুলনায় অনেক কম বয়সী। আমি তখন পাল্টা বললাম, তাহলে কি আমি অনেক বুড়িয়ে গেছি? তারপর দুজনই একসঙ্গে খুব হেসেছিলাম এবং চরিত্রটিতে কীভাবে একটু ভিন্নতা আনা যায় তা নিয়ে কাজ শুরু করি।’
থ্রি ইডিয়টস মুক্তি পায় ২০০৯ সালের ২৫ ডিসেম্বর। মুক্তির পরই সিনেমাটি দর্শকদের আকর্ষণ করেছিল। শুধু ভারত নয়, বিশ্বের অনেক দেশেই ছবিটি প্রশংসিত হয়েছে।
সূত্র: বলিউড হাঙ্গামা










