গুপী বাঘা প্রডাকশনস লিমিটেড ও কমলা কালেক্টিভের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র বাড়ির নাম শাহানা শিগগিরই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমাটি পরিচালনা করেছেন লীসা গাজী। গুপী বাঘা প্রডাকশনস লিমিটেড গত বৃহস্পতিবার রাতে ফেসবুকে মুক্তির সংবাদটি জানিয়েছে।

লীসা গাজী নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র বাড়ির নাম শাহানা দর্শকের সামনে আনার সুযোগ পেয়ে আমি আপ্লুত এবং গভীরভাবে কৃতজ্ঞ। ছবির গল্প বাস্তব ঘটনার প্রতিচ্ছবি, যেখানে ভালো-মন্দের সরল সংজ্ঞার বাইরে গিয়ে আমি আমাদের পরিচিত জগতের একজন সাধারণ নারীর গল্প বলেছি।’

নির্মাতা বলেন, ‘বাড়ির নাম শাহানা বিষণ্ণ ছবি নয়, বরং জীবনের জয়গানে মুখর। আমাদের একমাত্র চাওয়া দর্শক সপরিবার ও বন্ধু-বান্ধবের সঙ্গে ছবিটি দেখুন। তাদের প্রতিক্রিয়া জানার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

এর আগে সিনেমাটি লন্ডন, শিকাগো, মেলবোর্ন, বার্মিংহাম, রোম ও মুম্বাইয়ে প্রদর্শিত হয়েছে।

সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এবং নব্বইয়ের দশকের বাংলাদেশের একটি রক্ষণশীল মফস্বল শহরের প্রেক্ষাপটে দৃঢ়চেতা এক নারীর জীবনের সংগ্রামের গল্প তুলে ধরে। প্রধান চরিত্র দীপা বিচ্ছেদের পরও পরিবার বা সমাজের নিয়ন্ত্রণে সে জীবন কাটাতে চায় না। রক্ষণশীল শহরে বড় হওয়ার পরও সে সমাজের কূপমণ্ডূকতাকে পুরোপুরি অস্বীকার করে নিজের মতো করে বাঁচতে চায়।

সিনেমার বেশির ভাগ শুটিং হয়েছে বাংলাদেশের একটি মফস্বল শহরে। কিছু অংশের শুটিং হয়েছে যুক্তরাজ্যের একটি ছোট শহরে। গল্পের সময় ও প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্য রেখে ছবিটি ডাবিং ছাড়াই অন-লোকেশন সাউন্ডে নির্মিত। দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দীকা। এছাড়া আছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, কাজী রুমা, কামরুন্নাহার মুন্নী প্রমুখ। লীসা গাজীর সঙ্গে যৌথভাবে সিনেমাটির চিত্রনাট্য করেছেন আনান সিদ্দীকা।