বলিউডে ১৬ বছর পূর্ণ করলেন দীপিকা পাড়ুকোন। ১৬ বছর বলার পাশাপাশি ষোলকলাও বলা যায়। কেননা এ ১৬ বছরে নিজেকে বলিউডে প্রতিষ্ঠা করে ফেলেছেন তিনি। অভিনয় করেছেন প্রথম সারির অভিনেতাদের বিপরীতে। অর্জন করেছেন বহু পুরস্কার। কিন্তু এর মধ্যে বেশকিছু বিতর্কেও জড়িয়েছেন তিনি। তবে ক্যারিয়ারের শুরু থেকে নয়, দ্বিতীয়ার্ধে এসে এসব বিতর্কে জড়ালেন দীপিকা। সামাজিক যোগাযোগমাধ্যম তোলপাড় হয়েছে তার মত ও বক্তব্যে। কিন্তু এত কিছুর পরও দীপিকা মনে করেন, তিনি যা বিশ্বাস করেন সে মতে অটল থাকবেন সবসময়।

দীপিকাকে নিয়ে প্রথম বিতর্ক তৈরি হয় ২০২০ সালে। তিনি ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন। সেখানে সিটিজেনশিপ অ্যাক্ট নিয়ে ছাত্রদের আন্দোলনে যোগ দেন। ‘‌ছাপাক’ তখন মুক্তির অপেক্ষায়। এ নিয়ে হয়েছিল নানা কথা। সে সময় দীপিকা বলেছিলেন, ‘‌নিজের মত প্রকাশে আমি মোটেই ভয় পাই না।’ পাশাপাশি ভোগ ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‌আমি যখন কোনো একটি বিষয় সম্পর্কে নিজে ভালো-মন্দ বুঝি, তখন ওই বিষয়ে নিজের মতে অটল থাকি। বেড়ে ওঠার সময় আমি এ শিক্ষাই পেয়েছি যে মত প্রকাশে ভয়ের কিছু নেই।’

এর আগে অবশ্য সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘‌পদ্মাবত’ সিনেমা নির্মাণের সময়ও একটা বিতর্ক উঠেছিল। রানী পদ্মাবতীর পোশাক নিয়ে আপত্তি তুলেছিল রাজপুতদের একাংশ। সিজিআই ব্যবহার করে তা ‘‌সংশোধন’ করেছিলেন সিনেমার নির্মাতা। কিন্তু এর মধ্যেও দীপিকা তার অবস্থান থেকে সরেননি।

এরপর এ বছর পাঠানে গেরুয়া পোশাক পরার কারণেও বিতর্কে পড়েন তিনি। সে সময় বলেছিলেন, ‘‌এক রুমে সবার তুলনায় ভিন্ন কোনো মত নিয়ে সাহসের সঙ্গে বসে থাকতে পারি আমি।’ সেই দীপিকা সর্বশেষ বিতর্কের মুখে পড়েন কফি উইথ করণে তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে। এর পরও দীপিকা বলেছেন, তিনি যা বিশ্বাস করেন সত্য বলে, তা প্রকাশে ভয় করেন না।

ভয় করার কারণও নেই। দীপিকা এখন বলিউডের সফলতম নায়িকাদের একজন। পাঠানের সাফল্যের পর তার হাতে আছে ‘‌কল্কি ২৮৯৮ এডি’ ও সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘‌ফাইটার’।

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস