সুইসাইড স্কোয়াডের নির্মাতা ডেভিড আয়ার। ২০১৬ সালে সিনেমাটি নির্মাণ করেন তিনি। হার্লে কুইন চরিত্রে অভিনয় করেছিলেন মার্গো রবি ও জোকার চরিত্রে ছিলেন জারেড লেটো। লেটো ও জোকার উভয়কে পরিচিত ধারার বাইরে গিয়ে উপস্থাপন করেছিলেন আয়ার। সিনেমাটি নিয়ে দর্শক সমালোচক উভয়ের কাছ থেকেই নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। এবার একে নিজের সবচেয়ে বড় কষ্টের জায়গা বলে জানালেন আয়ার। তিনি বলেন, ‘হলিউডের ব্যাপারটাই এমন। মন থেকে শ্রম দিয়ে যেটা নির্মাণ করবেন, সেটার জন্যই আপনার মন ভাঙবে।’
২০১৪ সালে আয়ার নির্মাণ করেছিলেন ‘ফিউরি’। সিনেমাটি বেশ ভালোই আয় করেছিল। দর্শক প্রতিক্রিয়াও ছিল ভালো। সুইসাইড স্কোয়াডকে তাই নিজের মতো করে উপস্থাপন করতে চেয়েছিলেন আয়ার। করেছিলেন সেটাই। কিন্তু দর্শক পছন্দ করেনি। কিন্তু ডেভিডের আশা ছিল, তার দর্শন দর্শক গ্রহণ করবে। তিনি বলেন, ‘ফিউরির ঠিক পরেই এসেছিল সিনেমাটা। আমার মনে হয়েছিল, আমি এ গল্প থেকে নিজের মতো কাজ করতে পারি। যেকোনো কিছু করার সক্ষমতাই আমার আছে। তার পরই আমি সুইসাইড স্কোয়াড শুরু করি। আমার মনে হয়েছিল চরিত্রগুলোর আত্মা ধরে কাজটা করব।’
সিনেমাটিকে আজকের দিনের জনপ্রিয় বুলি ‘উরাধুরা’ দিয়ে প্রকাশ করা যায়। পপ কালচার ও সে গোষ্ঠীকে মাথায় রেখে সিনেমাটিকে এভাবেই উপস্থাপন করেছিলেন ডেভিড। অনেকটা একই ধারার সিনেমা ডেডপুল। কিন্তু ডেডপুল দর্শক পছন্দ করেছে। বিষয়টিকে টেনে তিনি বলেন, ‘তারপর ডেডপুল এল। ব্যাটম্যান ভার্সাস সুপারম্যানকেও কেউ নতুন করে দেখার চেষ্টা করেনি। আর আমার সিনেমাটিকে সমালোচকদের চোখে ভালো মনে হলো না।’
ডেভিড আয়ারের একটি অভিযোগ থেকে মনে হয় স্টুডিওর পক্ষ থেকেও সিনেমাটির প্রতি সুবিচার করা হয়নি। তার সিনেমার এক্সটেন্ডেড ভার্সন মুক্তি পাওয়ার কথা ছিল ‘আয়ার কাট’ নামে। কিন্তু জেমস গান এখনো এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি। ডেভিড বলেন, ‘আমার মনে হয় স্টুডিও যে সিনেমা মুক্তি দিয়েছে আয়ার কাট সে তুলনায় ভিন্ন। এ নিয়ে দর্শকের আগ্রহও আছে। গান আমাকে বলেছেন, এটি মুক্তির জন্য উপযুক্ত সময় দেখতে হবে।’
সুইসাইড স্কোয়াড ২০১৬ সালে খুব ভালো সময়ে মুক্তি পেয়েছিল। বহু সমালোচনা থাকলেও সিনেমাটি আয় করেছিল ৭৪ কোটি ৭০ লাখ ডলার। তবে সিনেমার আয়ার কাট আদৌ প্রকাশ হবে কিনা, তা নিয়ে একটা সন্দেহ থেকে যাচ্ছে।
সূত্র: ভ্যারাইটি










