তারকারা নিরীক্ষা পছন্দ করেন। অভিনয়ের ক্ষেত্রে হলিউড তারকাদের নানা সময়েই ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করতে দেখা যায়। স্বাভাবিকভাবেই চরিত্রের সঙ্গে তাদের সাজপোশাক বদলায়। অনেক ক্ষেত্রে অভিনয়ের তুলনায় এ ‘লুক’ বদল করতে অভিনয়শিল্পীরা আগ্রহী থাকেন। কারণ এখানে চ্যালেঞ্জ থাকে, নিজেকে যাচাই করে নেয়া যায়। সিনেমা নিয়ে আলোচনা তৈরির পাশাপাশি দর্শক একজন তারকার কোন ধরনের চেহারা দেখতে চায়, সেটাও জানা যায়। প্রতি বছরের মতো এবারো হলিউডের বহু তারকা নতুনরূপে নিজেকে উপস্থাপন করেছেন। গায়িকা-অভিনেত্রী লেডি গাগা থেকে শুরু করে টোয়াইলাইট-খ্যাত ক্রিস্টেন স্টুয়ার্ট, জারেড লেটো এবং অ্যান্ড্রু গারফিল্ড, এমনকি বেনেডিক্ট কাম্বারব্যাচ এ তালিকায় প্রথম সারিতে থাকবেন।

লেডি গাগাকে দিয়েই শুরু করা যায়। হাউজ অব গুচি সিনেমায় প্যাট্রিজিয়া রেজানির চরিত্রের জন্য নিজেকে আমূল বদলেছেন তিনি। চুলের ধরন থেকে শুরু করে হাঁটাচলায় নিজেকে রেজানির মতো তৈরি করেছেন। সিনেমার পরিচালক থেকে শুরু করে দর্শক, সমালোচক সবাই লেডি গাগার প্রশংসা করেছেন। তবে সিনেমাটি মুক্তি পাওয়ার আগে থেকেই লেডি গাগার সঙ্গে আলোচিত হয়েছিলেন জারেড লেটো। সুইসাইড স্কোয়াডের অভিনেতা লেটো নিজেকে নিয়ে বহুবার নিরীক্ষা করেছেন। কিন্তু এবার তিনি সবচেয়ে আলাদা। টাক মাথা ও স্ফীত উদর নিয়ে ‘লার্জার দ্যান লাইফ’ পাওলো গুচির চরিত্রে অভিনয় করেছেন তিনি। শুটিংয়ের সময় মিডিয়ায় আসা লেটোর এ চেহারা দেখে সবাই বলেছিলেন, ‘অবিশ্বাস্য!’ তবে গাগা ও লেটো বাদেও আল পাচিনো, অ্যাডাম ড্রাইভার সবাই নিজেকে বদলেছেন এ সিনেমায়।

স্পাইডারম্যান হিসেবে ততটা জনপ্রিয় হতে না পারলেও অ্যান্ড্রু গারফিল্ড পরিশ্রমী অভিনেতা। এ বছর তিনি টিক... টিক... বুম সিনেমায় আমেরিকান গীতিকার, নাট্যকার জোনাথন লারসনের ভূমিকায় অভিনয় করেছেন। একজন উদীয়মান শিল্পীর চরিত্রে গারফিল্ডের অভিনয় দর্শককে আবিষ্ট করেছে। সিনেমায় ও অভিনয়ে আবেগের প্রাধান্য রয়েছে। তবে পর্যবেক্ষকের চোখে তাকালে দেখা যাবে কম্পোজার, গীতিকার ও নাট্যকার হিসেবে পরিচিত লারসনের মতো করেই নিজেকে তৈরি করেছেন। গারফিল্ডের পরিবর্তন চিহ্নিত করা কঠিন, কেননা লারসন আমাদের কাছে অতটাও পরিচিত নন কিন্তু ক্রিস্টেন স্টুয়ার্টের পরিবর্তন বোঝা যায়। তিনি অবাক করেছেন সবাইকে। অবশ্য ক্রিস্টেন নিজেও কম অবাক হননি।

প্রিন্সেস ডায়ানার চরিত্রে অভিনয়ের জন্য তাকে প্রস্তাব দেয়া হলে শুরুতে অবিশ্বাসই করেছিলেন ক্রিস্টেন। উচ্চতা, অবয়ব কোনো কিছুতেই ডায়ানার সঙ্গে মিল নেই তার। কিন্তু স্পেন্সার সিনেমার জন্য নিজেকে ডায়ানার মতো করে তৈরি করেছেন তিনি এবং স্পেন্সারের টিম। এক সাক্ষাত্কারে ক্রিস্টেন বলেছিলেন, ডায়ানার যত সাক্ষাত্কার নাগালের মধ্যে ছিল, তিনি তা দেখেছেন। সিনেমায় ডায়ানারূপী ক্রিস্টেন সমালোচক মহলে প্রশংসিত হয়েছেন। তবে বাহ্যিক চেহারার পাশাপাশি চরিত্রকে ধারণ করায় প্রশংসায় ভাসছেন বেনেডিক্ট কাম্বারব্যাচ। অনেকে বলছেন, জেন ক্যাম্পিয়নের ওয়েস্টার্ন সিনেমা দ্য পাওয়ার অব দ্য ডগ-এর মূল কৃতিত্ব তার। র্যাঞ্চারের ভূমিকায় অভিনয় করা কাম্বারব্যাচের ওপরেই সবার চোখ আটকে ছিল।

পিছিয়ে থাকছেন না সিমোন হেলবার্গ। এ বছরের মিউজিক্যাল সিনেমা আনেত-এ অভিনয়ের কারণে প্রশংসিত হয়েছেন তিনি। কিন্তু অনেকের চেয়ে এগিয়ে থাকছেন স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম। বিইং দ্য রিকার্ডোস সিনেমায় কিউবার-আমেরিকান অভিনেতা ডেজি আরনাজের চরিত্রে অভিনয় করেছেন তিনি। প্রবাদপ্রতীম শিল্পীর চরিত্রে তার অভিনয় এবং অরনাজের রূপায়ণ প্রশংসিত হয়েছে।

 

সূত্র: দ্য গার্ডিয়ান