বাংলাদেশের ইতিহাসের অন্যতম অধ্যায় স্বাধীনতা। সামনেই স্বাধীনতা দিবস। দিবসটি উপলক্ষে জনপ্রিয় সংগীতশিল্পী চম্পা বণিকের নতুন দেশাত্মবোধক গান প্রকাশ হয়েছে ইউটিউবে। গানটি হলো ‘সে দেশ কোথায় আছে’। এটি লিখেছেন শেখ নজরুল, সুর করেছেন শোয়েব শিবলী ও সংগীতায়োজন করেছেন পুলক বড়ুয়া। নতুন গানটি নিয়ে চম্পা বণিক বলেন, ‘স্বাধীনতার এ মাসে এত সুন্দর একটি গানের সঙ্গে আমাকে সম্পৃক্ত করার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা শেখ নজরুল ভাইয়ের প্রতি। গানের কথা এত সুন্দর, গানটি গাইতে গেলেই মন ভরে যায়। বহুদিন পর এমন চমৎকার কথার গান গাইলাম। কথার সঙ্গে সুরও এমনই মনের মতো হয়েছে যে আমি নিজেই বারবার গাইছি।’ গানটি যেন একটু বেশি বেশিই শুনছি আমি। নতুন এ গান নিয়ে কেমন সাড়া পাচ্ছেন জানতে চাইলে চম্পা বলেন, ‘এরই মধ্যে ইউটিউবে প্রকাশ হয়েছে। দেশের প্রতি ভালোবাসার এ গানের বেশ প্রশংসা করেছেন অনেকেই। আমার কাছে মনে হয়, দেশাত্মবোধক গানের ক্ষেত্রে আগামীতে এ গানও বিশেষভাবে উল্লেখিত হবে। সবার কাছে দোয়া চাই, যেন সামনে আরো ভালো গান করতে পারি।’
বর্তমানে গানের ভুবন নিয়ে ব্যস্ত সময় পার করছেন চম্পা বণিক। সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে একটি অনুষ্ঠানে গান গেয়েছেন তিনি। বাংলাদেশ টেলিভিশনের ‘প্রাণে মনে অন্তরে’ অনুষ্ঠানটিতেও অংশ নিয়েছেন। সেখানে তার সঙ্গে ছিলেন গায়ক রাজীব। বাংলাদেশ টেলিভিশনের স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠানের রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন চম্পা।
২০০৫ সালে গানের প্রতিযোগিতা ‘ক্লোজআপ ওয়ান’-এ সেরা ১০-এ ছিলেন চম্পা বণিক।
পরবর্তী সময়ে চ্যানেল আই সেরা কণ্ঠ ২০০৮-এ চতুর্থ স্থান লাভ করেন। এছাড়া বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের একজন তালিকাভুক্ত শিল্পীও তিনি।










