গত শুক্রবার ছিল ‘গ্ল্যাডিয়েটর টু’র প্রথম প্রদর্শনী। যারাই দেখতে পেরেছেন, তাদের প্রাথমিক প্রতিক্রিয়া বর্তমানে দখল করে রেখেছে সামাজিক যোগাযোগমাধ্যম। ভক্ত ও সমালোচকরা রিডলি স্কটের পরিচালনায় মুগ্ধ। কেউ মনে করছেন, গ্ল্যাডিয়েটর টু রিডলির জীবনে সেরা নির্মাণ হিসেবে থাকবে। কেউ গেছেন আরো এক ধাপ এগিয়ে। দাবি করা হয়েছে, গ্ল্যাডিয়েটর টু একটি মহাকাব্যিক মাইলফলক। খোদ চলচ্চিত্রের ইতিহাসে তা সুদূরপ্রসারী চিহ্ন ফেলে যাবে।

রিডলি ২০০০ সালে নির্মাণ করেছিলেন সিনেমাটির প্রথম কিস্তি। তারপর দুই দশক পর তিনি সিকুয়াল বানানোর সিদ্ধান্ত নেন। হলিউড পাড়ার মিডিয়া আউটলেট ও সমালোচকরা ফার্স্ট লুক দেখেছেন। সেখানে দেখা যায়, ডেনজেল ওয়াশিংটন, পল মেসক্যাল ও পেদ্রো প্যাসকেলকে। অবশ্য অভিনেতাদের মধ্যে আরো রয়েছেন কোনি নিয়েলসন, জোসেফ কুইন, ডেরেক জ্যাকোবি, ররি ম্যাকক্যান, ফ্রেড হাচিঙ্গার, ম্যাট লুকাস ও অন্যরা। আগামী ২২ নভেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে আসবে।

প্রথম কিস্তির মতো গ্ল্যাডিয়েটর টুও পরিচালনা করেছেন রিডলি স্কট। গল্প আবর্তিত লুসিয়াসকে কেন্দ্র করে। লুসিয়াস রোমে ফিরে আসে দাস জীবনের পর। সেখানে গ্ল্যাডিয়েটর হিসেবে নেমে যায় যুদ্ধে। দীর্ঘ অনাচার শেষে সে প্রতিশোধ নিতে চায়, আর চায় রোমের জনগণের জন্য ক্ষমতা। অভিনেতা পল মেসক্যালকে দেখা যাবে লুসিয়াস চরিত্রে। অন্যদিকে পেদ্র পেসকেলকে দেখা যাবে মার্কাস অ্যাকুয়াসিয়াস চরিত্রে। সেখানে কারাকাল্লা চরিত্রে দেখা যাবে ফ্রেড হেচিঙ্গারকে।

গ্ল্যাডিয়েটরের প্রথম কিস্তি পাঁচটি বিভাগে অস্কার তুলেছে ঝুলিতে। বিশ্বব্যাপী আয় করেছে ৪৬ কোটি ৫৪ লাখ ডলার। গ্ল্যাডিয়েটর টু সে সাফল্যের ধারাবাহিকতা রাখতে পারবে বলে মনে করছেন ভক্ত ও সমালোচকরা। তবে তার আগে সবাই আপাতত তাকিয়ে রয়েছে বক্স অফিসের দিকে।

সূত্র: হলিউড রিপোর্টার