কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক বানাচ্ছেন
সৃজিত মুখার্জি। এ খবর বেশ পুরোনো। মূল চরিত্রে চঞ্চল চৌধুরীর অভিনয়ের যে গুঞ্জন তাতে
সিলমোহর দিলেন স্বয়ং পরিচালক।
আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) ‘পদাতিক’ শিরোনামের
সিনেমাটির পোস্টার শেয়ার করে খবরটি নিশ্চিত করেন সৃজিত। সেখানে মৃণালের ভূমিকায় চঞ্চলকে
দেখা যায়।
ঢাকার অভিনেতার অন্তর্ভুক্তি প্রসঙ্গে ভারতীয়
গণমাধ্যম টিভিনাইনকে সৃজিত বলেন, ‘চঞ্চল চৌধুরীর সঙ্গে মৃণাল সেনের দৈহিক মিল রয়েছে।
মূলত সেই কারণেই নেয়া। তা ছাড়া অসম্ভব ভালো একজন অভিনেতা। আমি নিজেও ওর গুণগ্রাহী।’
‘পদাতিক’-এর শুটিং শুরু হবে জানুয়ারির মাঝামাঝিতে।
মৃণাল সেনের সমসাময়িক আরো দুই কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায় ও ঋত্বিক ঘটক। তাদের
কি দেখা যাবে এ চলচ্চিত্রে? এ বিষয়ে এক কথায় সৃজিতের উত্তর, ‘জানতে হলে চোখ রাখতে হবে
রূপালি পর্দায়।’
চলতি বছরে বাংলার পাশাপাশি একাধিক হিন্দি
সিনেমাও করেছেন সৃজিত মুখার্জি। তবে বলিউডে শক্ত অবস্থান গড়তে পারেননি তিনি।
অন্যদিকে সাম্প্রতিক মাসগুলোতে ওয়েব সিরিজ
‘কারাগার’ ও চলচ্চিত্র ‘হাওয়া’ নিয়ে ঢাকার পাশাপাশি পশ্চিমবঙ্গেও আলোচনায় আছেন চঞ্চল
চৌধুরী। চলতি মাসে কলকাতায় অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মাননাও পেয়েছেন
তিনি।









