সামনের বছর বিয়ে করবেন, সম্প্রতি এমন ঘোষণা দিয়ে শিরোনামে উঠে আসেন বলিউডের তারকা আলিয়া ভাট ও রণবীর কাপুর। এখন শোনা যাচ্ছে, নিজের প্রথম স্বপ্ন হলিউডে নাম লেখানোর আনুষ্ঠানিক ঘোষণাও দেবেন আলিয়া ভাট।
সম্প্রতি মার্কিন ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থা উইলিয়াম মরিস এন্ডেভারের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার কথা জানিয়েছেন বলিউডের এ অভিনেত্রী। এ সংস্থা থেকে উঠে এসেছেন এমা স্টোন, গাল গ্যাদোত, শার্লিজ থেরনের মতো নামি তারকারা। আর এ থেকেই ধারণা করা হচ্ছে, আলিয়া শিগগিরই হলিউডের কোনো স্টুডিওর সঙ্গে চুক্তিবদ্ধ হবেন।
চুক্তি অনুযায়ী ২০২২ সালে আলিয়া নিজের প্রথম হলিউড সিনেমার নাম ঘোষণা করতে পারেন। এ বিষয়ে আলিয়া জানিয়েছেন, অনেকের মতো তারও বহুদিনের স্বপ্ন হলিউড ছবিতে অভিনয় করার। তবে যেকোনো ধরনের ছবিতে তিনি কাজ করবেন না। বড় প্লাটফর্মে যখন কাজ করবেন, তখন তার আয়োজন নিয়েও ভাবতে হবে।
যদি সবকিছু ঠিক থাকে তবে আগামী বছরের শুরুতে আলিয়ার হলিউডে যোগ দেয়ার ঘোষণা আসতে পারে।
এদিকে বলিউড নির্মাতা সঞ্জয় লীলা বানসালির গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি, এসএস রাজামৌলির আরআরআর, করণ জোহারের তখত ও রকি অর রানি কি প্রেম কাহিনীর পর অয়ন মুখোপাধ্যায়ের ব্রহ্মাস্ত্র ছবির কাজ শেষ করেছেন আলিয়া, যার মুক্তি নিয়ে পুরোদমে প্রস্তুতি চলছে। এ সিনেমায় প্রথমবারের মতো রণবীরের সঙ্গে দেখা যাবে আলিয়াকে। সিনেমায় আরো আছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন আক্কিনেনি, ডিম্পল কাপাডিয়া ও মৌনি রায়। চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট ও অভিনেত্রী সোনি রাজদানের মেয়ে আলিয়া। ১৯৯৯ সালে তনুজা চন্দ্র পরিচালিত সংঘর্ষ চলচ্চিত্রে শিশুশিল্পীর ভূমিকায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে তার আত্মপ্রকাশ ঘটে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া










