আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে ওরিয়েন্টাল পেইন্টিং স্টাডি গ্রুপ (ওপিএসজি) আয়োজিত ও মিখাইল আই. ইসলামের কিউরেশনে ‘দুঃখ থেকে মুক্ত: বাংলার বুদ্ধ’ শীর্ষক যৌথ প্রদর্শনীর। বুধবার প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন সিলেট বৌদ্ধবিহারের অধ্যক্ষ সংঘানন্দ মহাথেরো, অবিন্তা গ্যালারির চেয়ারপারসন নিলু রওশন মুর্শেদ, আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার পরিচালক ফ্রঁসোয়া ঘ্রোঁজো এবং লোক গবেষক ও বাংলা একাডেমির উপপরিচালক সাইমন জাকারিয়া।

সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, তারা আশা করেন গৌতম বুদ্ধের জীবনের আদর্শ, দর্শন ও মহিমা শিল্পকর্মে তুলে ধরার মাধ্যমে বিশ্বের শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় এ প্রদর্শনী ভূমিকা রাখবে। বুদ্ধের জীবন পরিক্রমাকে মূলত জন্ম, গৃহত্যাগ, বুদ্ধত্বলাভ ও মহাপরিনির্বাণ—এ চার অধ্যায়ে বিভক্ত করা হয়ে থাকে। চারটি অধ্যায়ের উল্লেখযোগ্য ঘটনাগুলোকে নিবিড়ভাবে অনুধাবন করে শিল্পীরা তাদের চিত্রকর্ম ও ভাস্কর্যের মাধ্যমে তা ফুটিয়ে তুলেছেন এ প্রদর্শনীতে।

এতে ৫০ জন শিল্পী অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণকারী শিল্পীদের অর্ধশতাধিক শিল্পকর্ম প্রদর্শন হচ্ছে এ প্রদর্শনীতে। এর মধ্যে রয়েছে, চিত্রকলা, ভাস্কর্য ও মৃৎশিল্পের নানা করণকৌশলের বৈচিত্র্যময় শিল্পসম্ভার। ওয়াশ, গোয়াশ, টেম্পারা, তালপাতা চিত্র, চা পাতা দিয়ে নির্মিত চিত্র, শীতল পাটির চিত্র, খড়ের ভাস্কর্য, পটচিত্রসহ নানা বৈচিত্র্যের শিল্পকর্ম দর্শকদের মুগ্ধ করবে বলে আশা করছেন আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার আয়োজকরা। 

প্রদর্শনীটি চলবে ১৫ মে পর্যন্ত। সোমবার থেকে শনিবার বিকাল ৩টা থেকে রাত ৯ টা পর্যন্ত এটি খোলা থাকবে। সাপ্তাহিক বন্ধ রবিবার; প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত। বিষয়টি নিশ্চিত করেছেন আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার প্রগ্রাম অফিসার মামুন আর রশিদ।