ওটিটি ও টেলিভিশন নাটকের পরিচিত মুখ আইশা খান। তরুণ এ অভিনেত্রী তার অভিনয় দিয়ে এরই মধ্যে মুগ্ধ করেছেন দর্শককে। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা ও বিজ্ঞাপনেও দেখা যায় তাকে। এরই মধ্যে জানা গেল বড় পর্দায়ও দেখা যাবে আইশাকে। সম্প্রতি দুটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। এর একটি প্রসূন রহমান পরিচালিত ‘শেকড়’ ও অন্যটি সোহেল আরমান পরিচালিত ‘সংবাদ’। ২০১৮ সালে ‘আহত ফুলের গল্প’ সিনেমায় অভিনয় করেছিলেন আইশা। দীর্ঘদিন পর আবারো বড় পর্দায় ফিরছেন তিনি।

সম্প্রতি শেকড়ের শুটিং শেষ করেছেন আইশা। এ নিয়ে তিনি বলেন, ‘আমরা কাজ শুরু করেছিলাম ৪ মে। ১৭ মে সবাই রাজশাহী থেকে ফিরে এসেছি। শুটিংয়ের সব কাজ শেষ হয়নি। কিছু এখনো বাকি। আবহাওয়া একটু ঠিকঠাক হলে সেটুকু করা হবে।’

শেকড় মূলত শেকড়সন্ধানের গল্প। নামের মধ্যেই এর গল্প লুকিয়ে আছে বলে আইশা খান জানান। তবে আরেকটু বিস্তারে বলতে গিয়ে তিনি বলেন, ‘সিনেমার গল্পটা মাতৃভূমি, মা, বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে যুক্ত। একটা মানুষের জীবন, তার চারপাশের মানুষের সঙ্গে সম্পর্ক, টানাপড়েন এ সবকিছু ফুটে উঠেছে শেকড়ের গল্পে। প্রসূন রহমান চেষ্টা করেছেন একজন প্রবাসী বাঙালির সঙ্গে যতটা কানেক্ট করা যায়, এ গল্পে তিনি তা করেছেন।’

সিনেমাটিতে ধ্রুপদী সংগীতের একজন শিল্পীর চরিত্রে অভিনয় করেছেন আইশা। এ নিয়ে তিনি বলেন, ‘চরিত্রটি নিয়ে আপাতত খুব বেশি প্রকাশ করছি না। তবে আমার চরিত্রের নাম ফাল্গুনী এবং সে একজন ধ্রুপদী সংগীত শিল্পী।’

এ সিনেমা ছাড়াও আইশা খান অভিনয় করবেন সোহেল আরমান পরিচালিত ‘সংবাদ’ সিনেমায়। কয়েকদিন আগে সিনেমাটির মহরত হয়েছে। আইশা খানের সঙ্গে সংবাদে অভিনয় করছেন সোহেল মণ্ডল ও ইরফান সাজ্জাদ। এ সিনেমা নিয়ে আইশা বলেন, ‘এটি একটি পিরিয়ড ফিল্ম। গল্পটা ১৮৭২ সালের, কিন্তু কোনো সত্য ঘটনা অবলম্বনে না। গল্পটা আমাদের প্রযোজক খোকন ভাইয়ের। সংলাপ ও নির্মাণ আরমান ভাইয়ের।’

সংবাদ সম্পর্কে অভিনেত্রী জানান, এর গল্প একটি জমিদার বাড়িকে কেন্দ্র করে আবর্তিত। সেখানে জমিদার আছে। মনা ও রূপা নামে আরো দুটো চরিত্রকে দর্শক দেখবে। মূলত এ তিনজন মানুষ কেমন করে একজন আরেকজনের সঙ্গে যুক্ত হলো এবং এরপর কী ঘটল, তা নিয়েই আমাদের সিনেমা।’

আইশা খান জানান, দুই লটে সিনেমাটির শুটিং হবে। ১-১৩ জুন পর্যন্ত প্রথম লট ও ঈদুল আজহার পর বাকি অংশের কাজ করে জুনেই শুটিং শেষ করার পরিকল্পনা সংবাদের। এ দুই সিনেমার পাশাপাশি নাটক নিয়েও ব্যস্ততায় সময় কাটছে আইশা খানের।