এসএস রাজামৌলি পরিচালিত আরআরআর বৈশ্বিক আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে। এরই মধ্যে সিনেমাটি অনেক আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। এ বছর গোল্ডেন গ্লোব ও ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস জিতেছে সিনেমাটি। ‘নাটু নাটু’ শিরোনামে এ সিনেমার একটি গান সেরা মৌলিক গানের ক্যাটাগরিতে অস্কার মনোনয়ন পেয়েছে। এ ক্যাটাগরিতে মনোনয়ন পাওয়া লেডি গাগা ও রিহানার মতো হেভিওয়েট শিল্পীদের গানের সঙ্গে প্রতিযোগিতা করছে নাটু নাটু। সিনেমাটির মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছেন নির্মাতা এসএস রাজামৌলি। তাকে অভিনন্দন জানিয়েছেন স্টিভেন স্পিলবার্গ ও জেমস ক্যামেরনের মতো সেরা নির্মাতারা। এবার রাম চরণ বললেন, ‘রাজামৌলির উচিত মার্ভেলের জন্য সিনেমা নির্মাণ করা।’ পাশাপাশি রাম জানান, তিনি নিজে সব ধরনের সিনেমায় অভিনয় করতে আগ্রহী।
আরআরআর সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রাম চরণ। অস্কারকে সামনে রেখে বর্তমানে আরআরআর সিনেমার প্রচারণায় তিনি যুক্তরাষ্ট্রে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সাক্ষাৎকার দিচ্ছেন বিভিন্ন গণমাধ্যমে। শুক্রবার ইনস্টাগ্রামে তিনি একটি সাক্ষাৎকারের কিছু অংশ শেয়ার করেন। সাক্ষাৎকারটি সঞ্চালনা করেন অ্যাশ ক্রোজান। সেখানে তাকে প্রশ্ন করা হয়, মার্ভেল বা স্টার ওয়ারসের মতো কোনো সিনেমায় তার অভিনয় করার আগ্রহ আছে কিনা। এ প্রশ্নের উত্তরে রাম চরণ বলেন, ‘লোকে টিকিট কেটে দেখে এমন যেকোনো ফ্র্যাঞ্চাইজিতে অভিনয়ের ইচ্ছা আমার আছে। আমি সব সিনেমায়ই থাকতে চাই। তা যে দেশেরই হোক না কেন। যদি সে দেশের মানুষ সিনেমা শিল্পকে প্রশংসা করে, তবে আমার কাজ করতে কোনো আপত্তি নেই। সিনেমা বৈশ্বিক হয়ে উঠছে। এটি আর হলিউড, বলিউডের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি সব বাধা ডিঙিয়ে বৈশ্বিক হয়ে উঠছে। তার অংশ হতে পেরে আমি খুব সৌভাগ্যবান।’
এসএস রাজামৌলি যদি মার্ভেল সিনেমা পরিচালনা করেন, তাহলে কেমন হবে জানতে চাওয়া হলে এ অভিনেতা বলেন, ‘দারুণ! যদি তেমনটা ঘটে, তাহলে আমরা বড় একটি পার্টি দেব। আমি সত্যিই আশা করি এমনটা ঘটবে। এটি আমার পরিচালকের প্রাপ্য।’
অস্কার আসরের আর মাত্র কয়েকদিন বাকি। আগামীকাল লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে মর্যাদাপূর্ণ এ অনুষ্ঠান। অস্কারে নাটু নাটুর পুরস্কার জয়ের একটি বড় সম্ভাবনা রয়েছে। আগামীকালের অপেক্ষা করছেন ভারতীয়রা। অন্যদিকে রাম চরণ বা জুনিয়র এনটিআরসহ অন্যরা যে আত্মবিশ্বাস নিয়ে নানা মত ব্যক্ত করছেন তাতে মনে হচ্ছে অস্কার পেয়েই যাবে গানটি। আর সেটা হয়ে গেলে রাজামৌলি নিজেই ভারতে একটা মার্ভেল ঘরানার সিনেমা নির্মাণ করে ফেলতে পারেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস










