ইতিহাস গড়েছেন টেইলর সুইফট। তার সদ্য মুক্তি পাওয়া অ্যালবাম ‘স্পিক নাউ (টেইলরস ভার্সন)’ শ্রোতাদের মনে ঝড় তুলেছে। বিলবোর্ড চার্টের শীর্ষস্থান দখল করেছে অ্যালবামটি। তবে এটি ইতিহাস নয়। ইতিহাস হলো, বিলবোর্ড চার্টের সেরা ১০-এ টেইলর সুইফটের চারটি অ্যালবাম স্থান পেয়েছে। বিলবোর্ডের তথ্য অনুসারে, নারী হিসেবে তিনিই প্রথম এ কৃতিত্ব অর্জন করেছেন। বিলবোর্ড মিউজিক অ্যালবামের এ চার্ট তৈরি শুরু করেছে ৬০ বছর আগে। দীর্ঘ ছয় দশকের ইতিহাসে টেইলর সুইফটসহ মাত্র তিনজনের ক্যারিয়ারে এমন অর্জন আছে। আর নারী হিসেবে তিনিই একমাত্র।

এ ইতিহাসের পাশাপাশি আরেকটি রেকর্ডও গড়েছেন টেইলর সুইফট। তিনিই একমাত্র নারী সংগীতশিল্পী, যিনি সবচেয়ে বেশি বিলবোর্ড চার্টের ‘নাম্বার ওয়ান’ অ্যালবাম উপহার দিয়েছেন। ‘স্পিক নাউ’সহ মুক্তির পর বিলবোর্ড চার্টের শীর্ষস্থান দখল করা তার মোট অ্যালবামের সংখ্যা ১২টি। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে গেছেন আরেক শিল্পী বারবারা স্ট্রেইস্যান্ডকে। তার নাম্বার ওয়ান অ্যালবামের সংখ্যা ১১।

অ্যালবাম-ইকুইভ্যালেন্ট ইউনিট অনুযায়ী মোট ৭ লাখ ১৬ হাজার নম্বর পেয়ে বিলবোর্ড চার্টের শীর্ষস্থান নিজের করে নিয়েছে টেইলর সুইফটের নতুন অ্যালবাম স্পিক নাউ। গত পাঁচ বছরের মধ্যে কোনো অ্যালবামের পাওয়া পঞ্চম সর্বোচ্চ নম্বর এটি। চলতি বছর মুক্তি পাওয়া অ্যালবামগুলোর মধ্যে কোনোটিই এর ধারেকাছে নেই। নম্বরের দিক দিয়ে স্পিক নাউয়ের পর মর্গান ওয়ালেনের অ্যালবাম ‘ওয়ান থিং অ্যাট আ টাইম’-এর অবস্থান। সেটি মোট পাঁচ লাখ এক হাজার নম্বর পেয়েছিল। 

বিলবোর্ড চার্টের সেরা ১০-এ জায়গা করে নিয়ে ইতিহাস তৈরি করা টেইলর সুইফটের অন্য তিনটি অ্যালবাম হলো ‘মিডনাইট’, ‘লাভার’ ও ‘ফোকলোর’। এ তিন অ্যালবাম যথাক্রমে বিলবোর্ড চার্টের ৫, ৭ ও ১০ নম্বর স্থানে আছে।

আরেকটি দিক দিয়ে ব্যতিক্রম টেইলর সুইফটের স্পিক নাউ। স্ট্রিমিংয়ের এ যুগেও স্পিক নাউয়ের বড় একটি অংশ এসেছে ভিনাইল বিক্রি থেকে। মুক্তির পর প্রথম সপ্তাহে অ্যালবামটির পাঁচ লাখ সাত হাজার কপি বিক্রি হয়েছে। এর মধ্যে ২ লাখ ৬৮ হাজার ৫০০ কপি ভিনাইল বিক্রি হয়েছে। ১৯৯১ সালে ভিনাইল বিক্রির ট্র্যাকিং করে আসছে সাউন্ডস্ক্যান। এর তথ্য অনুসারে, ৩২ বছরে ভিনাইল বিক্রির দিক থেকে এটি দ্বিতীয় সর্বোচ্চ। এর আগের রেকর্ডটিও টেইলর সুইফটের দখলে। গত বছরের অক্টোবরে মুক্তির প্রথম সপ্তাহে অ্যালবামটির ৫ লাখ ৭৫ হাজার কপি ভিনাইল বিক্রি হয়েছিল।

সূত্র: ভ্যারাইটি