উৎসব কিংবা বিশেষ দিন কেন্দ্র করে নাটক পাড়ার নির্মাতা ও অভিনয়শিল্পীদের ব্যস্ততা বেড়ে যায়। এক যুগের বেশি সময় ধরে ভালোবাসা দিবস ঘিরে নির্মাণ হয় একাধিক নাটক। সে ধারাবাহিকতায় এবারের ভালোবাসা দিবসের নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন ছোট পর্দার নির্মাতা ও কলাকুশলীরা। গত বছরের ভালোবাসা দিবসের নাটকে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন শাশ্বত দত্ত। এবারেও দিবসটি নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। ছোট পর্দার নিয়মিত অভিনেত্রী মাফতুহা জান্নাত জিমের সঙ্গে দুটি নাটকে অভিনয় করবেন এ অভিনেতা।

এ নাটক দুটির মধ্য দিয়ে প্রথমবারের মতো জুটি বেঁধে দুটি একক নাটকে অভিনয় করেছেন জিম ও শাশ্বত। নাটক দুটি হচ্ছে, ‘বুক পকেটে প্রেম’ ও ‘সুফিয়া নূর’। ‘বুক পকেটে প্রেম’ নাটকটি পরিচালনা করেছেন বাপ্পি খান ও ‘সুফিয়া নূর’ পরিচালনা করেছেন রুবেল আনুশ।

নাটক দুটি নিয়ে জানতে চাইলে শাশ্বত দত্ত বলেন, ‘ভালোবাসা দিবসের কয়েকটি নাটকে অভিনয় করেছি, যার মধ্যে আছে বুক পকেটে প্রেম ও সুফিয়া নূর নাটক দুটি। এ নাটক দুটিতে কাজ করার মূল কারণ চরিত্র। একদম ভিন্ন দুটি চরিত্রে দেখা যাবে আমাকে। কাজ দুটি নিয়ে আমি সন্তুষ্ট। নাটক দুটি প্রচারে এলে আমাদের জুটি দর্শকের পছন্দ হবে বলে আমি আশা রাখি।’

ভালোবাসা দিবসের দুই নাটকের শুটিং পর্ব শেষে কাজের অভিজ্ঞতা কেমন ছিল জানতে চাইলে জিম বলেন, ‘দুটি ভিন্ন ঘরানার গল্পে কাজ করেছি। কনকনে শীতের মধ্যে নাটক দুটির শুটিং হয়েছে। শীত, কুয়াশা, শিশির উপেক্ষা করে আমরা কাজ করেছি। আমি কাজটাকে ভালোবাসি। কাজ ভালো করার জন্য যতটা ভাঙা দরকার ভাঙতে রাজি। কাজের ক্ষেত্রে রোদ, বৃষ্টি, শীত, কুয়াশা সবকিছুই তুচ্ছ। আমার কাজে পরিচালকরাও সন্তুষ্ট। নাটক দুটি নিয়ে আমি নিজেও খুব পজেটিভ, এখন দর্শক মতামত শোনার অপেক্ষায়।’

দুই নাটকের দুই নির্মাতা জানান, ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত বুক পকেটে প্রেম ও সুফিয়া নূর বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে। টেলিভিশনের প্রচারের পর ইউটিউবে অবমুক্ত হবে নাটক দুটি।