অভিনয়শিল্পী সংঘের ত্রিবার্ষিক নির্বাচন হয়ে গেল। গত শনিবার অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা আজাদ আবুল কালাম। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা রাশেদ মামুন অপু। সভাপতি পদে ৩১০ ভোট পেয়ে জিতেছেন আজাদ আবুল কালাম। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন আবদুল্লাহ রানা। সাধারণ সম্পাদক পদে ৩৬৭ ভোট পেয়েছেন রাশেদ মামুন অপু। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন অভিনেতা শাহেদ শরীফ খান।

গত শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত ৯টায় ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অভিনেতা খায়রুল আলম সবুজ।

নির্বাচন কমিশনার হিসেবে কাজ করেছেন নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ। এছাড়া আপিল বোর্ডে ছিলেন মামুনুর রশীদ, আবুল হায়াত ও দিলারা জামান।

সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন আজিজুল হাকিম, শামস সুমন ও মো. ইকবাল বাবু। যুগ্ম সাধারণ সম্পাদক পদে জিতেছেন সুজাত শিমুল ও রাজিব সালেহীন। সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মাসুদ রানা মিঠু। অনুষ্ঠান সম্পাদক পদে জিতেছেন এমএ সালাম সুমন। অর্থ সম্পাদক পদে মুহাম্মদ নূর এ আলম ও দপ্তর সম্পাদক পদে মাসুদ আলম তানভীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আইন ও কল্যাণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন সূচনা সিকদার। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মুকুল সিরাজ। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে জিতেছেন আরএ রাহুল। তার কাছে হেরেছেন নিলাভ আমান ও মাহাদি হাসান পিয়াল। কার্যনির্বাহী পদে বিজয়ী হয়েছেন এমরান হোসেন, জুলফিকার চঞ্চল, শিউলি আক্তার, এনায়েত উল্লাহ সৈয়দ, আবু রাফা মো. নাঈম, রেজাউল রাজু ও তুহিন চৌধুরী।

এবারের নির্বাচনে ১৯টি পদের জন্য লড়েছেন ৩৮ জন অভিনয়শিল্পী। ভোটার সংখ্যা ৬৯৯। নতুন নির্বাচিতদের নিয়ে সবাই ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। এ নেতৃত্বের মাধ্যমে নতুন করে পথ চলবে অভিনয়শিল্পী সংঘ-এমনটাই সবার আশাবাদ।