‘দ্য ডেভিল অল টাইম’ ছবিতে নিজের অভিনয় দিয়ে সমালোচকদের মুগ্ধ করেন রবার্ট প্যাটিনসন। দুনিয়াজুড়ে জনপ্রিয় এ অভিনেতা নির্মাতা ম্যাট রিভার্সের ‘দ্য ব্যাটম্যান’ ছবিতে কেপ ক্রুসেডার চরিত্রে অভিনয় করছেন। এরই মধ্যে অভিনেতা-নির্মাতা যুগল চলচ্চিত্রটির ট্রেইলার প্রকাশ করেছে। সম্প্রতি টোটাল ফিল্ম ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাত্কারে প্যাটিনসন একটি বিখ্যাত ব্যাটম্যান চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে কী ধরনের চাপ অনুভব করেছেন সে বিষয়ে কথা বলেছেন। তার অভিনীত ‘টোয়াইলাইট’ ফ্র্যাঞ্চাইজির কথা স্মরণ করে তার সঙ্গে তুলনা করেছেন প্যাটিনসন।

ব্যাটম্যান তারকা রবার্ট প্যাটিনসন বলেছেন, কেপ ক্রুসেডার চরিত্রটি করতে গিয়ে তিনি এলোমেলো করে ফেলার বিষয়টি উপভোগ করেছেন, শুনতে যতই অদ্ভুত লাগুক না কেন। তিনি বলেন, টোয়াইলাইট করার সময় আমি অদ্ভুতভাবে বিষয়টা উপভোগ করেছিলাম।

‘টোয়াইলাইট’ ছবিটিকে ঘিরে প্রত্যাশার বিষয়ে তিনি আগেই অবগত ছিলেন। এ ছবিতে ক্রিস্টেন স্টিউয়ার্ট ছিলেন তার সহ-অভিনেতা হিসেবে। অনেক মানুষ তার ছবিটি দেখবেন—এমন অনুভূতির সঙ্গেও তিনি পরিচিত ছিলেন। ‘যখন জানতে পারবেন আপনার কাজ অনেক মানুষ দেখবে, তখন কাজ ভিন্ন হলেও অনুভূতিটা প্রায় একই রকম থাকে। পুরো ব্যাপারটা আপনি উল্টোপাল্টা করে ফেলতে পারেন এমন আশঙ্কাও থাকে। তবে মনে হয় আমি আত্মবিশ্বাসী ছিলাম। আমি নিজেকে বড় মঞ্চে দেখতে চাইছিলাম’—প্যাটিনসন যোগ করেন।

প্যাটিনসনের আসন্ন ব্যাটম্যান ছবিতে ভক্তরা কী দেখবেন? এ বিষয়ে প্যাটিসন কিছুটা খুলে বলেছেন। তিনি ব্যাটম্যানে তার চরিত্রটি নিয়ে বলেন, এটা ব্যাটম্যানের পরিণত জীবনের গল্প নয়। বরং এ ছবিতে দর্শকরা ব্যাটম্যানের শুরুর জীবনের ঘটনাবলি দেখতে পাবেন। ‘গল্পের এমন পুনরাবৃত্তির ক্ষেত্রে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় যে সবাই দেখতে পাবেন কীভাবে ভয় কাটিয়ে ব্যাটম্যান নিজেকে ব্যাটম্যানে পরিণত করেন। আর ব্যাটম্যানের মধ্যেই তার সেরা পরিচয়টি খুঁজে পায়’—প্যাটিনসন যোগ করেন।

‘দ্য ব্যাটম্যান’ ২০২১ সালে মুক্তির কথা। কভিড-১৯ সংকট ও প্যাটিনসনের করোনা পজেটিভ হওয়ার কারণে ছবিটিকে বেশকিছু বাধার সম্মুখীন হতে হচ্ছে।

 

সূত্র: পিংকভিলা